|
অটোচালকসহ বেকারত্ব দূরীকরণে গাজীপুরে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() অটোচালকসহ বেকারত্ব দূরীকরণে গাজীপুরে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ বিশেষ করে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের আয় অনিশ্চিত হয়ে পড়েছে। সড়কে নিয়ন্ত্রণ অভিযান, লাইসেন্স জটিলতা, নির্দিষ্ট স্ট্যান্ডের অভাব এবং যাত্রী কমে যাওয়ায় অনেক চালক পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন। তাছাড়া এসব যানবাহনের সঠিক হিসেবও নেই সরকারের কাছে। স্থানীয় অটোচালকরা জানান, আগে দৈনিক ৮০০ থেকে ১ হাজার টাকা আয় হলেও বর্তমানে তা নেমে এসেছে ৪০০–৫০০ টাকায়। জ্বালানি ও ব্যাটারি খরচ বাড়ায় প্রকৃত আয় আরও কমে যাচ্ছে। একজন অটোচালক রাজশাহীর শিংড়া উপজেলার বাসিন্দা জিএমপি'র কলম্বিয়া এলাকার অস্থায়ী ভাড়াটিয়া জুয়েল বলেন, “সারাদিন গাড়ি চালিয়েও সংসারের খরচ ওঠে না। নতুন সরকার যদি বিকল্প কর্মসংস্থান বা নিয়মিত নীতিমালা করে, তাহলে আমাদের বাঁচার সুযোগ হবে।” অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, গাজীপুরে নতুন শিল্প স্থাপন কমে যাওয়া, কিছু কারখানায় উৎপাদন হ্রাস এবং অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থানের সংকোচন বেকারত্ব বৃদ্ধির অন্যতম কারণ। এছাড়া অনেক কারখানা বন্ধের ফলেও বাড়ছে বেকারত্ব। স্থানীয় ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, শুধু অটোচালকদের নিয়ন্ত্রণ নয়, তাদের পুনর্বাসন ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করা জরুরি। কারিগরি প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণ সহায়তা এবং বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করলে পরিস্থিতির উন্নতি সম্ভব। নতুন সরকারের কাছে তাদের প্রধান দাবি হলো— অটোচালকদের নিবন্ধন ও বৈধ স্ট্যান্ড ব্যবস্থা, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে সহজ ঋণ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বৃদ্ধি স্থানীয় শিল্প ও ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগ বাড়ানো। গাজীপুরের সচেতন মহলের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বেকারত্ব সামাজিক অস্থিরতায় রূপ নিতে পারে। তাই কর্মসংস্থান সৃষ্টি এখন নতুন সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
