|
ভালোবাসার অনন্য দৃষ্টান্ত : ২৫ বছরের পথচলায় নীলকান্ত-গীতা দম্পতি
নতুন সময় প্রতিবেদক
|
|
ভালোবাসার অনন্য দৃষ্টান্ত : ২৫ বছরের পথচলায় নীলকান্ত-গীতা দম্পতি সমবয়সীদের সঙ্গে তাল মিলিয়ে পড়াশোনা করলেও পারিবারিক ও বাস্তব সমস্যার কারণে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি নীলকান্ত। স্বপ্ন ছিল একটি ভালো চাকরি করার, কিন্তু সেই স্বপ্ন অপূর্ণই থেকে যায়। পড়াশোনার পথ থেমে গেলেও জীবনযুদ্ধ থামেনি। এরই মধ্যে জীবনে আসে নতুন আলো। সবাই যখন নীলকান্তের ভবিষ্যৎ ও বিয়ে নিয়ে দুশ্চিন্তায়, তখন তার জীবনে আসেন গীতা রাণী। একই উচ্চতা, একই রকম জীবনসংগ্রাম আর মানসিক মিল—এই তিনটি বিষয় তাদের কাছাকাছি নিয়ে আসে। ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নর জোতপাড়া গ্রামের বাসিন্দা এই দম্পতির সংসার জীবনের বয়স এখন ২৫ বছর। দুই যুগের বেশি সময় ধরে সুখ-দুঃখ, অভাব-অনটন ও নানা প্রতিকূলতা একসঙ্গে মোকাবেলা করে চলেছেন তারা। তাদের একমাত্র মেয়ের বিয়েও দিয়েছেন ইতিমধ্যে। অভাব ছিল, কষ্ট ছিল—তবু কখনো একজন আরেকজনকে ছেড়ে যাওয়ার কথা ভাবেননি। বরং প্রতিটি কঠিন সময়ে একে অন্যের শক্তি হয়ে দাঁড়িয়েছেন। নীলকান্ত বলেন, ছোটবেলা থেকে অনেক কথা শুনেছি, কিন্তু গীতাকে পাশে পাওয়ার পর মনে হয়েছে আমি একা নই। জীবনের যত কষ্টই আসুক, একসঙ্গে থাকলে সবকিছু সহজ মনে হয়। গীতা রাণী বলেন, ‘আমাদের জীবনে অনেক অভাব ছিল, কিন্তু আমরা কখনো একে অন্যকে দোষ দিইনি। স্বামী-স্ত্রীর সম্পর্ক মানে শুধু সুখ নয়—দুঃখও একসঙ্গে ভাগ করে নেওয়া। আমরা সেটাই করার চেষ্টা করেছি।’ স্থানীয় বাসিন্দাদের কাছেও এই দম্পতি অনন্য উদাহরণ। প্রতিবেশী স্কুলশিক্ষিকা সাবিত্রী রাণী বলেন, ‘তারা দেখতে খাটো—এটাই হয়তো একমাত্র অপূর্ণতা। কিন্তু তাদের ভালোবাসা ও বোঝাপড়া অনেক বড়। আমরা কখনো তাদের সংসারে বড় কোনো ঝামেলা দেখিনি। তারা সত্যিই একে অন্যের পরিপূরক।’ গ্রামের অনেকেই জানান, সামাজিক কটুক্তি ও অবহেলা সত্ত্বেও নীলকান্ত-গীতা দম্পতি কখনো হাল ছাড়েননি। নিজেদের সীমাবদ্ধতাকে শক্তিতে পরিণত করে প্রতিদিনের ছোট ছোট সংগ্রাম, পারস্পরিক শ্রদ্ধা ও গভীর ভালোবাসায় সম্পর্ককে করেছেন আরও দৃঢ়। সময়ের স্রোতে বদলে গেছে অনেক কিছু, বদলায়নি শুধু তাদের সম্পর্কের দৃঢ়তা। ২৫ বছরের দীর্ঘ পথচলায় তারা প্রমাণ করেছেন—দাম্পত্যের মূল শক্তি হলো পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও নিঃস্বার্থ ভালোবাসা। সমাজের চোখে তারা হয়তো ভিন্ন, কিন্তু একে অন্যের চোখে তারা পরিপূর্ণ। এই দম্পতির গল্প মনে করিয়ে দেয়—শারীরিক গড়ন বা সামাজিক অবস্থান নয়, সম্পর্কের আসল ভিত্তি হলো হৃদয়ের মিল। জীবনের প্রতিটি ঝড়-ঝাপটা পেরিয়ে হাত ধরে এগিয়ে যাওয়ার নামই সত্যিকারের ভালোবাসা। আর সেই ভালোবাসারই এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছেন ঠাকুরগাঁওয়ের নীলকান্ত-গীতা দম্পতি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
