প্রেমের কথা জানাজানি হওয়ায় মৃত্যুকে বেছে নিলো তরুণী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 28 December, 2020, 1:38 PM
প্রেমের কথা জানাজানি হওয়ায় মৃত্যুকে বেছে নিলো তরুণী
চাঁদপুরের মতলবে প্রেমে ব্যর্থ হয়ে এক তরুণী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পূরণ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তরুণীর নাম তানজিলা আক্তার (২২)। তার বাবার নাম আবদুস ছাত্তার মুন্সী। নিহতের পরিবার সূত্রে জানা যায়, পাশের বাড়ির আবুল বাশার পাটোয়ারীর ছেলে মনির হোসেনের সঙ্গে প্রেমে ব্যর্থ হয়ে মনের ক্ষোভে তানজিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে এলাকার উভয়পক্ষের মধ্যে সালিশ বৈঠকও হয়েছিলো। বাড়ির লোকজন তানজিনার মরদেহ আমগাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে।
পরে মতলব দক্ষিণ থানা পুলিশকে অবহিত করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়ার নির্দেশে এসআই মো. হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তানজিলার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এসআই হাবিবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।
তানজিনার বাবা আবদুস ছাত্তার মুন্সী জানান, পাশের বাড়ির মনিরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো বলে জানতে পারি। এ ব্যাপারে জানাজানি হলে উভয়পক্ষের বিরোধ সৃষ্টি হয়। আর এ ঘটনার জের ধরেই সে আত্মহত্যা করে।