|
পোশাকশিল্পে অস্থিরতার পেছনে পলাতক অপশক্তির ইন্ধন রয়েছে: ভূমি প্রতিমন্ত্রী
মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম
|
![]() পোশাকশিল্পে অস্থিরতার পেছনে পলাতক অপশক্তির ইন্ধন রয়েছে: ভূমি প্রতিমন্ত্রী বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে সাংবাদিকদের পেশাগত ও আর্থিক কল্যাণ, নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) যৌথভাবে এ সভার আয়োজন করে। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, দেশের স্থিতিশীলতা রক্ষায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষা করা সম্ভব। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে সংবাদ প্রকাশ করে অস্থিতিশীল পরিস্থিতিতে উসকানি দেওয়া হলে পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যমেরও ক্ষতি হবে। বাংলাদেশের জনগণ কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না বলেও মন্তব্য করেন তিনি। সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, দাসত্বমূলক সাংবাদিকতাকে মানুষ ঘৃণার চোখে দেখে। অতীতে এ ধরনের সাংবাদিকতার কারণে ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত হয়েছে। দেশে অসংখ্য গণমাধ্যম থাকা সত্ত্বেও আয়নাঘরের মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে বিদেশি গণমাধ্যমের ওপর নির্ভর করতে হয়েছে। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর যারা দাসত্বমূলক সাংবাদিকতার চর্চা করেছেন, তাঁদের অনেকেই এখন প্রকাশ্যে আসতে বিব্রত বোধ করছেন। ভবিষ্যতে সাংবাদিক সমাজকে যেন একই পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বর্তমানে অপসাংবাদিকতার প্রভাব বাড়ছে উল্লেখ করে প্রকৃত পেশাদার সাংবাদিকদের তালিকা তৈরিতে সরকারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির জামাল বলেন, সাংবাদিকদের কল্যাণে উল্লেখযোগ্য প্রকল্প ও পরিকল্পনার অধিকাংশই বিএনপি সরকার গ্রহণ করেছিল। অতীতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারীদের মধ্যে সীমাবদ্ধ ছিল বলে অভিযোগ করেন তিনি। তবে বর্তমান সরকার সেই প্রবণতা থেকে বেরিয়ে পেশাদার ও অসচ্ছল সাংবাদিকদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তিনি জানান, ৬৫ বছরের বেশি বয়সী অসচ্ছল সাংবাদিকদের জন্য মাসিক ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান ২৫ কোটি টাকায় উন্নীত করতে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। পাশাপাশি অসুস্থ সাংবাদিকদের চিকিৎসার জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদসহ বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জেলার সাংবাদিক নেতারা। সভা শেষে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবানের ২০ জন অসচ্ছল ও অসুস্থ সাংবাদিকের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এতে সাংবাদিকদের চিকিৎসা, আর্থিক নিরাপত্তা ও পেশাগত কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়ও আলোচনায় আসে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
জাতীয় যুব দিবসে গণকণ্ঠের আলোচনা ও সম্মাননা স্মারক প্রদান
কালীগঞ্জে এসআরবির সাতক্ষীরা ক্যাম্পের সদস্যদের অভিযানে ১০০ বোতল উইনকেরেক্স সহ দুই মাদক ব্যাবসায়ি আটক
