গুইমারায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে
মাঈন উদ্দিন বাবলু, গুইমারা
প্রকাশ: Wednesday, 14 October, 2026, 6:50 PM
গুইমারায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে
সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির গুইমারায় দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের সততা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) গুইমারা গভর্নমেন্ট মডেল উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, গুইমারার আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটির সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার জনাব মিসকাতুল তামান্না। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনাব মো. আব্দুস ছালাম।
প্রতিযোগিতায় উপজেলার চার'টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হলো গুইমারা গভর্নমেন্ট মডেল উচ্চ বিদ্যালয়, হাফছড়ি উচ্চ বিদ্যালয়, সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয় এবং শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চ বিদ্যালয়।
বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে গুইমারা গভর্নমেন্ট মডেল উচ্চ বিদ্যালয় এবং দ্বিতীয় স্থান অর্জন করে শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চ বিদ্যালয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে আর্য চাকমা এবং রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে তর্নালিকা ত্রিপুরা এবং সেরা বক্তা স্থান অর্জন করেন উনুপ্রু মারমা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলা, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে সততা চর্চার গুরুত্ব তুলে ধরা হয়। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই সততা, ন্যায়পরায়ণতা ও দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তোলা গেলে ভবিষ্যতে একটি সুশাসিত ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে।