চট্টগ্রামে সাইবার পুলিশ কেন্দ্র ও পরীক্ষাগার উদ্বোধন, জেলা-উপজেলা পর্যায়েও বাড়বে তদন্ত সক্ষমতা
সাইবার অপরাধ দমনে ৮ বিভাগে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করবে সরকার
মো. মোক্তার হোসেন বাবু
প্রকাশ: Wednesday, 14 October, 2026, 5:30 PM
সাইবার অপরাধ দমনে ৮ বিভাগে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করবে সরকার
সাইবার অপরাধ, অনলাইন আর্থিক জালিয়াতি ও ডিজিটাল প্রতারণা মোকাবিলায় দেশের আটটি বিভাগীয় সদরে দ্রুত ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগার স্থাপন করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে কেন্দ্রীয় পর্যায় থেকে জেলা ও উপজেলা পর্যন্ত পুলিশের প্রযুক্তিনির্ভর তদন্ত সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, পরিচয় জালিয়াতি, অনলাইন ব্ল্যাকমেল এবং ডিজিটাল লেনদেনের মাধ্যমে অর্থ আত্মসাতের মতো অপরাধের তদন্তে এসব পরীক্ষাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তি ব্যবহার করে সংঘটিত অপরাধ শনাক্ত ও দমনে আধুনিক সরঞ্জাম, দক্ষ জনবল এবং ডিজিটাল আলামত বিশ্লেষণের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। এ জন্য আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় জোরদার করা হবে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর পুলিশ লাইন্সের দামপাড়ায় সাইবার পুলিশ কেন্দ্র ও ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আট বিভাগে পরীক্ষাগার, জেলা-উপজেলায় সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রথম পর্যায়ে দেশের আটটি বিভাগীয় সদর দপ্তরে ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে কোরিয়া প্রজাতন্ত্রের সরকারের সহযোগিতাও চাওয়া হয়েছে।
তিনি বলেন, ‘বাংলাদেশে ৮টা বিভাগীয় সদর দপ্তরে আমরা খুব দ্রুত এই ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করব। আমরা আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছি। কোরীয় সরকারের সহযোগিতা আজকেও আমরা চেয়েছি আমাদের এই ফরেনসিক ল্যাবগুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে।’
নতুন পরীক্ষাগারগুলো স্থাপনের পাশাপাশি কেন্দ্রীয় পর্যায়ের তদন্ত সক্ষমতা বিভাগ, জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। অপরাধের ধরন অনুযায়ী প্রয়োজনীয় প্রযুক্তিগত সরঞ্জাম, আধুনিক পরীক্ষাগার এবং প্রশিক্ষিত জনবল প্রস্তুত করার কথাও জানিয়েছেন তিনি।
চট্টগ্রামের নতুন পরীক্ষাগারটি অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নেতৃত্বে পরিচালিত হবে। তবে ডিজিটাল আলামত সংগ্রহ, পরীক্ষা ও বিশ্লেষণের ক্ষেত্রে পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয় থাকবে।