|
জাল-জালিয়াতির মাধ্যমে প্রবাসীদের নির্মাণাধীন বাড়ীর ফ্ল্যাট দখলের অভিযোগ চিকিৎসক নয়ন বারির বিরুদ্ধে
খালেদ হাসান সুজন
|
![]() জাল-জালিয়াতির মাধ্যমে প্রবাসীদের নির্মাণাধীন বাড়ীর ফ্ল্যাট দখলের অভিযোগ চিকিৎসক নয়ন বারির বিরুদ্ধে অভিযোগপত্র ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, বিদেশে অবস্থানরত কয়েকজন প্রবাসী তাদের পৈত্রিক সূত্রে পাওয়া মিরপুরের সম্পত্তিতে ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেন। নির্মাণকাজ চলমান থাকা অবস্থায় ওই সম্পত্তির মালিকানা ও দখল নিয়ে চিকিৎসক নয়ন বারির সঙ্গে তাদের বিরোধের সৃষ্টি হয়। অভিযোগে বলা হয়েছে, ভূমিমালিকদের একজন মো. নাজমুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২২ জুলাই ২০২৫ মারা যান। তাঁর মৃত্যুর আগে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কথিত বণ্টননামা তৈরি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র গ্রহণের অভিযোগ রয়েছে। এসব নথির মধ্যে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ও বিক্রয়সংক্রান্ত অনুমতিপত্রও রয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন। অভিযোগকারীদের দাবি, এসব নথি তৈরির ক্ষেত্রে স্বাক্ষর জালিয়াতিসহ বিভিন্ন অনিয়ম করা হয়েছে। এ ঘটনায় চিকিৎসক নয়ন বারির বিরুদ্ধে জালিয়াতি ও স্বাক্ষর জাল করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন থাকায় অভিযোগগুলোর চূড়ান্ত সত্যতা আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। ভুক্তভোগীদের অভিযোগ, প্রবাসী মালিকরা দেশের বাইরে অবস্থান করায় তাদের অনুপস্থিতিকে কাজে লাগিয়ে সম্পত্তি নিয়ে নানা ধরনের নথি তৈরি এবং আইনগত প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। এতে প্রকৃত মালিকরা তাদের সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে আরও বলা হয়, আদালতে বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গত ২৯ আগস্ট ২০২৬, আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কয়েকজন বহিরাগতকে সঙ্গে নিয়ে নির্মাণাধীন প্রকল্পে প্রবেশের ঘটনা ঘটে। এ সময় প্রকল্পের নিরাপত্তাকর্মী ও নির্মাণকাজে নিয়োজিত ব্যক্তিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এতে প্রকল্পের নির্মাণকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে বলে ভুক্তভোগীদের দাবি। ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, একদিকে বিষয়টি আদালতে বিচারাধীন, অন্যদিকে নির্মাণাধীন সম্পত্তিতে বহিরাগত লোকজন নিয়ে প্রবেশ ও কাজ বন্ধের মতো পরিস্থিতি সৃষ্টি করা হলে প্রবাসী মালিকদের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়ছে। এ ঘটনায় প্রবাসী মালিকরা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে কথিত জাল দলিল, স্বাক্ষর জালিয়াতি, সম্পত্তি দখলের চেষ্টা এবং নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এদিকে, চিকিৎসক নয়ন বারির বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানতে একাধিকবার ফোন করলে ও তিনি ফোনটা রিসিভ করেননি । তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যথাযথভাবে প্রকাশ করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের অনুপস্থিতির সুযোগ নিয়ে কোনো পক্ষ যাতে বিতর্কিত নথি বা বেআইনি পন্থায় সম্পত্তির দখল নেওয়ার সুযোগ না পায়, সে বিষয়ে প্রশাসনের সতর্ক থাকা জরুরি। একই সঙ্গে আদালতে বিচারাধীন বিরোধে কোনো পক্ষ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সেটিও নিশ্চিত করা প্রয়োজন। এ বিষয়ে তদন্তরত কর্মকর্তা এস আই মামুন হোসেন জানান বিষয়টি এখনো তদন্তধীন অবস্থায় আছে তদন্ত শেষে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
