|
মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
নতুন সময় প্রতিনিধি
|
![]() মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা বুধবার রাত ৯টার দিকে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের পৈত্রিক বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, হামলার খবর পাওয়ার পরপরই সেখানে পুলিশ গিয়ে অবস্থান নেয়। সাকিবের প্রতিবেশী আহসান হাবিব বলেন, “কয়েকজন যুবক এসে ঢিল দিয়ে জানালার গ্লাস ভাঙচুর করেন। পর পর কয়েকটি বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। পরে বাড়ির লোহার গেটের ওপরের অংশে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তা নিভিয়ে ফেলেন। এ সময় সাকিবের পরিবারের লোকজন ওই বাড়িতে ছিল না।” তিনি বলেন, “বাড়িটির নিরাপত্তা ব্যবস্থা কঠোর। ওই যুবকরা গেইট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। কিন্তু ভাঙতে পারেনি। ৫ অগাস্টের পর থেকে ওই বাড়িতে শুধু একজন তত্ত্বাবধায়ক আছেন। হামলার পর যুবকরা দৌড়ে পালিয়ে যায়।” স্থানীয় আরেক বাসিন্দা বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সন্ধ্যায় একটি অনলাইন অনুষ্ঠানে অংশ নেন সাকিব আল হাসান। লাইভ শেষ হওয়ার পর পরই কয়েকজন যুবক এসে বোমা বিস্ফোরণ ঘটায় এবং ইট-পাটকেল নিক্ষেপ করেন।” ওসি মামুন রাত সাড়ে ১১টার দিকে বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে কিছুক্ষণ আগে পুলিশ উঠিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের দ্বিতীয় বার্ষিকীতে বুধবার বিকালে নয়া দিল্লিতে দক্ষিণ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন শেখ হাসিনা। এ সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সাকিব, যিনি এখন শ্রীলঙ্কায় রয়েছেন। লঙ্কা প্রিমিয়ার লিলে (এলপিএল) খেলছেন তিনি। ক্রিকেটার সাকিব ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য হন। ওই বছর ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি যুক্তরাষ্ট্রে থাকছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
