|
তেঁতুলিয়ায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
|
![]() তেঁতুলিয়ায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় খরিপ মৌসুমে কাঁচা মরিচ (হাইব্রিড), গ্রীষ্মকালীন পেঁয়াজ (এন-৫৩ জাত), শীতকালীন পেঁয়াজ বীজ উৎপাদন (কন্দ) গাছের চারা, লেবু ও শাক-সবজি (উফশী ও হাইব্রিড) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেঁতুলিয়া উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, রাসায়নিক সার, জৈব সার, বালাইনাশক ও বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হচ্ছে। একই সাথে উপজেলার সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তেঁতুলিয়া উপজেলার ৭৩টি প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ উপকরণ বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে ১৮ টি করে বিভিন্ন জাতের গাছের চারা, ৯০ কেজি করে জৈব সার এবং চারা সুরক্ষার জন্য বাঁশের খুঁটি প্রদান করা হয়েছে। উদ্বোধন শেষে অতিথিরা বলেন, এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন উপজেলার মসলা ও সবজি উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে তরুণ প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি হবে। তারা প্রত্যেকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাড়িতে গাছ লাগানোর আহ্বান জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
