|
৪০ কেজির কাঁঠাল মাত্র ৬০০ টাকা, মৌসুমের শেষেও জমজমাট ‘কাঁঠালের রাজধানী’ শ্রীপুর
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() ৪০ কেজির কাঁঠাল মাত্র ৬০০ টাকা, মৌসুমের শেষেও জমজমাট ‘কাঁঠালের রাজধানী’ শ্রীপুর এবার বাজারের সবচেয়ে বড় আকর্ষণ প্রায় ৪০ কেজি ওজনের একটি কাঁঠাল, যার দাম হাকা হচ্ছে মাত্র ৬০০ টাকা। বিশাল এই কাঁঠাল দেখতে যেমন কৌতূহল জাগায়, তেমনি কম দামের কারণে ক্রেতাদের আগ্রহও বাড়িয়েছে কয়েকগুণ। স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, মৌসুমের শেষ দিকে সাধারণত কাঁঠালের সরবরাহ কমে যায়। তবে এ বছর অনুকূল আবহাওয়ার কারণে অনেক গাছে এখনো বড় আকারের কাঁঠাল রয়েছে। স্বাদ ও গুণগত মান ভালো হওয়ায় এসব কাঁঠালের চাহিদাও বেশ। কাঁঠাল কিনতে আসা ক্রেতা রতন বলেন, “এত বড় কাঁঠাল খুব একটা দেখা যায় না। আবার দামও তুলনামূলক কম। তাই অনেকেই শখ করে কিনছেন, কেউ পরিবার-স্বজনদের নিয়ে ভাগাভাগি করে খাওয়ার জন্য নিচ্ছেন।” ব্যবসায়ী তোফায়েল জানান, মৌসুম শেষের দিকে হলেও প্রতিদিনই বাজারে ছোট, মাঝারি ও বড়—সব ধরনের কাঁঠাল আসছে। বড় কাঁঠাল দেখতে অনেকেই বাজারে আসছেন, আর মাঝারি ও ছোট কাঁঠালের বিক্রিও হচ্ছে ভালো। ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। দেশের অন্যতম জিআই পণ্য হিসেবে স্বীকৃত জাতীয় ফল কাঁঠাল উৎপাদন অঞ্চল হিসেবে পরিচিত গাজীপুরের শ্রীপুর। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি এখানকার কাঁঠাল দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। মৌসুমের একেবারে শেষ সময়েও জৈনা বাজারের এই ব্যস্ততা যেন আবারও মনে করিয়ে দেয়—‘কাঁঠালের রাজধানী’ হিসেবে শ্রীপুরের সুনাম এখনো অটুট। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
