|
গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার পুলিশ জানায়, শনিবার (১০ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গাছা থানাধীন শরীফপুর এলাকার তাকওয়াবিয়া মাদরাসা রোড সংলগ্ন গোলগোলা মার্কেটের সামনে কয়েকজন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও চারজনকে আটক করা সম্ভব হয়। আটককৃতরা হলো— মোঃ শাহপরান (২০), মোঃ মাহিদ শাহরিয়ার রোমান (১৯), ওমর ফারুক (১৮) ও মোঃ সজিব মিয়া (২০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য বলে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, আটককৃতদের কাছ থেকে একটি স্টিলের তৈরি ধারালো চাপাতি, দুটি সামুরাই এবং একটি বিশেষ কায়দায় তৈরি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাছা থানায় অস্ত্র আইনের ১৯(ই) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আদালতে দাখিলকৃত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃতদের কয়েকজনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, মাদক ও দস্যুতাসহ একাধিক অভিযোগ রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় কিশোর গ্যাং গড়ে তুলে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে পুলিশের দাবি। গাছা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান বলেন, “এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
