চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক আবু তাহের চবিসাস (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংস্থা) এর সাথে মতবিনিময় সভার আয়োজন করেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অডিটোরিয়ামে এ সভাটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় সম্পর্কে বঙ্গবন্ধু বলেছেন জ্ঞান সৃষ্টি, জ্ঞান বিতরণ ও জ্ঞান সংরক্ষণ। জ্ঞান সৃষ্টির জন্য প্রয়োজন গবেষণা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণার ফল পড়ায়।
তিনি আরও বলেন, আমরা একসময় বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাব। আমাদের বই গবেষণা রেখে যেতে হবে। যা পরবর্তী প্রজন্মের কাছে আসে। আমি ৩০-৪০ বছর পুরোনো কারিকুলামে পড়াতে পারবো না। আমাদের কারিকুলাম চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী হতে হবে।
চাকসুর বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, চাকসু নির্বাচন করার জন্য অথোরিটি লাগবে, সিন্ডিকেট লাগবে। এ বিষয়ে এখন বলতে পারবো না। আমি মাত্র নতুন দায়িত্ব নিয়েছি।
বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ইস্যু নিয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক ইস্যুগুলো রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। রাজনীতি যেখান থেকে নিয়ন্ত্রিত হয় সেখানে হাত দিতে হবে।