পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বড় বেলাই গ্রামে এক রাতে পাগলা শিয়ালের কামড়ে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত এ তাণ্ডব চলে।
ঘটনার পর থেকে শিয়ালের কামড়ের শিকার নারী-পুরুষরা আতঙ্কে ভুগছেন। তারা হলেন- বড় বেলাই গ্রামের আনিছুর রহমান, শহিদুল ইসলাম, জয়েন শেখ, আব্দুল মমিন, ফিরোজা খাতুন, রাসেল আহমদ, আজির উদ্দিন ও আরো তিনজন। পাগলা শিয়ালটি জলাতঙ্ক রোগে আক্রান্ত বলে ধারণা গ্রামবাসীর।
শিয়ালের কামড়ে আহত আনিছুর রহমান জানান, মঙ্গলবার রাতে গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ একটি শিয়াল তাকে কামড় দেয়। এরপর থেকেই তিনি জলাতঙ্ক রোগের আতঙ্কে রয়েছেন।
ফিরোজা খাতুন জানান, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হওয়ার পর শিয়ালটি তার পায়ে কামড় দিয়ে চলে যায়।
জয়েন শেখ জানান, গ্রামের মানুষ শিয়ালের ভয়ে রাতে ঘরের বাইরে বের হতে পারছে না।
চাটমোহর প্রাণিসম্পদ কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী জানান, কুকুর বা শিয়াল কামড়ালে ক্ষতস্থানে পানি ঢালতে হবে। এছাড়া কাপড় কাচা সাবান দিয়ে ক্ষতস্থান পরিস্কার করতে হবে। যত দ্রুত সম্ভব হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভ্যাকসিন গ্রহণ করতে হবে।
তিনি আরো জানান, বড় বেলাই গ্রামের শিয়ালে কামড়ানো লোকজনকে এরই মধ্যে ভ্যাকসিন নেয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। সম্ভব হলে পাগলা শিয়ালটিকে মেরে পুতে ফেলতে বলা হয়েছে।