আজারবাইজানকে পরাজিত করতে আর্মেনিয়ার নিষিদ্ধ অস্ত্র ব্যবহার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 November, 2020, 9:47 PM
আজারবাইজানকে পরাজিত করতে আর্মেনিয়ার নিষিদ্ধ অস্ত্র ব্যবহার
বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলের দখল নিয়ে চলমান যুদ্ধে আর্মেনিয়া আজারবাইজানের সাধারণ মানুষের ওপর আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
আর্মেনিয়ার এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আখ্যা দিয়ে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ।
মানবাধিকার সংস্থাটি জোর দিয়ে বলেছে, ২৮ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকু থেকে পশ্চিম দিকে ২৩০ কিলোমিটার দূরের বারদা শহরের বাসিন্দাদেরর উপর আর্মেনিয়া আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ছররা গুলি এবং দীর্ঘ পাল্লার রকেট ব্যবহার করেছে।
বুধাবার বারদা শহরের প্রাণ কেন্দ্রে হামলা চালায় আর্মেনিয়ার বাহিনী। বেশ কয়েকটি দোকান এবং গাড়ি পুড়িয়ে দেয়া হয়। অন্তত ২১ জন নিহত হয়। আহত হয় ৪০ জনের বেশি।
আগেরদিন মঙ্গলবারও বারদার একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আর্মেনিয়া। এতে এক শিশুসহ ৪ বেসামরিক নাগরিক নিহত হয়।
এইচআরডব্লিউ’র জ্যেষ্ঠ সংকট এবং সংঘাত বিষয়ক গবেষক বেলকিস উইলি বলেন, বারদায় যেসব ভয়াবহ অস্ত্র ব্যবহার করা হয়েছে সেগুলো আন্তর্জাতিকভাবে নিষদ্ধ। এসব অস্ত্র ব্যবহার করে আর্মেনিয়া সাধারণ মানুষের জীবনের সুরক্ষাকে উপক্ষো এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিৎ ইয়েরেভানের কর্মকাণ্ডের নিন্দা জানানো।
এইচআরডব্লিউ জানায়, ২৮ অক্টোবর আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শুশান স্টেপানিয়ান সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে বলেন, আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে বারদায় রাশিয়ার তৈরি বিএম-৩০ স্মের্চ দিয়ে হামলা চালিয়েছে আর্মেনিয়া। অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি। একদিন পর ২৯ অক্টোবর আর্মেনিয়ার সরকার এক বিবৃতিতে বারদায় থাকা আজারবাইজানের দুটি সেনাচৌকি গুড়িয়ে দেয়ার ছবি প্রকাশ করে।
২৭ অক্টোবর আজারবাইজানের বসতি এবং সামরিক স্থাপনায় হামলা চালায় আর্মেনিয়া। শুরু থেকে বাকুর সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইয়েরেভান। ১০ অক্টোবর থেকে এ পর্যন্ত তিনটি মানবিক যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে আর্মেনিয়া।
বৃহস্পতিবার আজারবাইজানের প্রসিকিউশন দফতর জানায়, আর্মেনিয়ার হামলায় ৯০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে ৩৯২ জন। ২ হাজার ৪০৬টি ঘর, ৯২টি বাড়ি এবং ৪২৩ সরকারি ভবন আর্মেনিয়ার হামলায় ধ্বংস হয়েছে বলেও জানায় বাকু।