ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
শিমুলিয়ায় আবার ফেরি বন্ধ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 17 September, 2020, 1:33 PM

শিমুলিয়ায় আবার ফেরি বন্ধ

শিমুলিয়ায় আবার ফেরি বন্ধ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের ফেরি সার্ভিস আবার বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ফেরি সার্ভিস বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার থেকে সীমিত পরিসরে ফেরি সার্ভিস চালু করা হয়েছিল। ২৮ কিলোমিটার পথের পালেরচর চ্যানেল দিয়ে ফেরি পার হতে ৭-৮ ঘণ্টা সময় লাগছে। এতো দীর্ঘ পথ অতিক্রম করে যাত্রী বা যানবাহন সংশ্লিষ্টদের পারাপারে আগ্রহ কম। তাই ওই চ্যানেল দিয়ে আপাতত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। যেসকল যাত্রী এই ঘাট দিয়ে দক্ষিণবঙ্গে যাচ্ছেন তারা লঞ্চ কিংবা স্পিডবোটে পারাপার হচ্ছেন। তাই ঘাটে এখন দুর্ভোগ নেই।

তিনি আরও জানান, ইতোমধ্যে বিআইডব্লিউটিএ জানিয়েছেন তারা পদ্মা সেতুর ২৫নং পিলারের পাশ দিয়ে যাওয়া চায়না চ্যানেলেটি খনন করছে। আজ-কালের মধ্যে তারা তা হস্তান্তর করবে। তারপর ফেরি সার্ভিস চালু হবে।

মাওয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) হেলাল উদ্দিন জানান, সকাল থেকে ফেরি সার্ভিস বন্ধ রাখে বিআইডব্লিউটিসি। তবে ঘাটের ওপারে যাওয়ার অপেক্ষায় তেমন গাড়ি নেই বললেই চলে। কয়েকটি অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক রয়েছে। আর আগত যাত্রীরা অন্যান্য নৌযানে পারাপার হচ্ছে।

উল্লেখ্য, নদীভাঙন আর নাব্য সংকটের কারণে এই রুটের ফেরি সার্ভিস বন্ধ করে দেয়া হয়।

গত ২৮ জুলাই প্রথম শিমুলিয়ার ৩নং রো রো ফেরি ঘাটের অ্যাপ্রোচ রোডসহ বেশকিছু স্থাপনা পদ্মায় বিলীন হয়ে যায়। এর ৯ দিনের মাথায় ৬ আগস্ট দ্বিতীয়বার ভাঙন দেখা দেয় ভিআইপি ঘাট নামে পরিচিত ৪নং ফেরি ঘাটে। সেসময় ১২ দিন পর রো রো ঘাট সংস্কার করে ফেরি চলাচল শুরু করা হয়। এরপর গত গত ৩ সেপ্টেম্বর নাব্য সংকটের কারণে সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয় ফেরি সার্ভিস। এরপর বেশ কিছুদিন ড্রেজিং করে সচল করা হয় ফেরি চলাচলের লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেলটি। ৮ দিন পর ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে পরীক্ষামূলকভাবে তিনটি ফেরি কাঁঠালবাড়ীর উদ্দেশে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায়। শনিবার পর্যন্ত ১ ও ২ নম্বর ঘাট দিয়ে কে টাইপ ও মিডিয়াম টাইপের ৪টি ফেরির মাধ্যমে যানবাহন পারাপার করছিল ফেরিগুলো।

এরপর গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে তৃতীয় দফা ভাঙনের মুখে পড়ে ফেরি সার্ভিস। এবার ৩নং রো রো ফেরি ঘাট সংলগ্ন প্রায় ১০ একর ভূমি ও বিভিন্ন স্থাপনা নিয়ে পদ্মায় বিলীন হয়ে যায়। এতে হুমকির মুখে পড়ে রো রো ঘাট। ১৩ সেপ্টেম্বর রোববার দুপুর ১২টার দিকে আবারও নাব্য সংকটের কারণে শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার নতুন চ্যানেল দিয়ে ফেরি সার্ভিস শুরু করা হয়।

সম্পাদনায় :খালেদ সুজন







পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status