টিচার্স কোয়ার্টারে আগুন, পুড়লো পাঁচ লাখ টাকার মালামাল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 9:49 PM
টিচার্স কোয়ার্টারে আগুন, পুড়লো পাঁচ লাখ টাকার মালামাল
গাজীপুরের কালিয়াকৈরে শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য তৈরি একটি স্কুলের টিচার্স কোয়ার্টারে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে চারটি কক্ষ ও এর ভেতরে থাকা স্কুলের বই, বেঞ্চ, টাকা, ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন।
স্কুল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য তৈরি রিভারভিউ ক্যাডেট ইন্সটিটিউট স্কুলের টিচার্স কোয়ার্টারের একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে খেলারানী গোপ ও লিমারানী গোপ নামে দুই শিক্ষকের কক্ষসহ চারটি কক্ষ এবং কক্ষের ভেতরে থাকা স্কুলের বই, ব্রেঞ্চ, টাকা, ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে কয়েকজন আহত হন। আগুনে পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্কুলের প্রতিষ্ঠাতা আইয়ুব রানা জানিয়েছেন। পরে খবর পেয়ে কালিয়াকৈর পৌরসভার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।