নবীগঞ্জে জায়েদ মিয়া (২২) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর লাশ ও মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্লান্ট সড়ক মজলিসপুর নামকস্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জায়েদ মিয়া নবীগঞ্জ উপজেলার আউকান্দি ইউনিয়নের পাহাড়পুর গ্রামের মো. রফিক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ঢাকা সিলেট মহাসড়কের শেরপুর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন জায়েদ মিয়া। ব্যবসার কাজ শেষে মোটরসাইকেলযোগে প্রতিদিন বাড়ি ফিরতেন তিনি। গত বুধবার রাতের কোনো একসময় ব্যবসার কাজ শেষে বাড়ি ফিরছিলেন জায়েদ। বাড়ি ঠিকই ফিরেছেন, তবে লাশ হয়ে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা পাওয়ার প্লান্ট মজলিসপুর নামকস্থানে রাস্তার পাশে একটি মোটরসাইকেল ও জায়েদের লাশ পাওয়া যায়। লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
তবে জায়েদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি পরিবারের। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ-বাহুবলের সার্কেল এএসপি পারভেজ আলম চৌধুরী। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।