লোকমানের জনপ্রিয়তার কথা ভেবে পদত্যাগ করুন: বুবলীকে সুমন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 25 November, 2019, 5:42 PM
লোকমানের জনপ্রিয়তার কথা ভেবে পদত্যাগ করুন: বুবলীকে সুমন
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার হুমকি দেওয়ায় নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীর প্রসঙ্গে ফেসবুক লাইভে এসেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
বুবলীর প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, আপনার এমপি থাকাটা কি এতই প্রয়োজন? আপনার নৈতিক স্খলনের দায় কেন পুরো দল আওয়ামী লীগ বহন করবে?
তিনি বলেন, সংবিধানের ধারা ৭০ অনুযায়ী কোনো সংসদ সদস্যের নৈতিক স্খলন ঘটলে তার পদত্যাগ করা উচিত। একটা মানুষের এমপি থাকাটা কি খুবই জরুরি? মেয়র লোকমানের জনপ্রিয়তার কথা চিন্তা করে আপনি এমপি পদ থেকে পদত্যাগ করে নতুন ইতিহাস সৃষ্টি করুন।
এর আগে বিএ পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিয়ে দলের সুনাম ক্ষুণ্ন করায় সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে প্রথমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। এরপর তাকে বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ। এ ছাড়া জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক পদ থেকে তাকে অপসারণ করা হয়।
যেই স্ট্যাটাস দিয়ে বুবলী আত্মহত্যার হুমকি দিয়েছেন তা এখানে হুবহু তুলে ধরা হলো:
“প্রিয় সাংবাদিক ভাইগণ, আমার জানা মতে আমি ব্যক্তিগতভাবে কারো সাথেই কোনদিন খারাপ আচরণ বা সামাজিকতার যে আন্তরিকতা সেটা কমতি রাখি নি কোনদিন, যখন নরসিংদী ছিলাম মেয়র লোকমান হোসেনের সহধর্মিণী হিসেবে আপনারা ওনার মারা যাবার পর আমার অকালে বিধবা হওয়া লড়াই সংগ্রামী জীবন ছেলে মেয়ে ছোট তাদের নিয়ে একা লড়াই দেখে আফসোস সান্তনা সবই দিতেন, সবাই হায় আফসোস করতো কিন্তু ধারে ভারে কেউ ছিলো না আমার। যুদ্ধ জয় কী জিনিস জানতাম না তবে ছুটতে হবে উপায় নাই। বাজার করা থেকে শুরু করে ছেলে মেয়ে নিয়ে কতটা লড়েছি এখনো তারা ছোট নাই বা বললাম, কেন যেনো এখন সব চাইলেই লিখতে পারি না কারণ একটা সংকোচের জায়গাতে অবস্থান করছি।
আমি সংসদ সদস্য হবার পর আলহামদুলিল্লাহ্ স্যালারি দিয়ে ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াই যাবতীয় নিজ খরচ বহন করি, সামান্য সঞ্চয় করছি এখান থেকেই যাতে করে ৫ বছর পর এটা আমাদের কাজে লাগে, আপনাদের অনেক লেখা আমার চোখে পড়ে যারা আফসোস করতেন আজ তারা টেনে হিচঁড়ে সংসদ থেকে নামাতে মরিয়া হয়ে লিখছেন।
ব্যক্তিগত জীবনে চাওয়া পাওয়ার হিসেব রাখিনি নরসিংদীবাসীকে ভালোবেসেছি কিছু অপশক্তি পেছনে লেগেছে, কতকিছু ঘটনা দেশে ঘটে এত লেখালেখি কেউ করে না আপনারা এটা নিয়ে এমনভাবে লিখছেন যেনো আমার জন্য ৫০ জীবন শেষ হয়ে গেছে লুটপাট হয়েছে সর্বনাশ হয়েছে অনেকের।
আমার যদি কিছু হয় দুই বাচ্চা নিয়ে সুইসাইড করি খুশি হবেন তো আপনারা ? ঠিক আছে আপনাদের খুশি আমার খুশি, ভালো থাকুক আমার সাংবাদিক ভাইগণেরা, আল্লাহ্ ভালো রাখুক আপনাদের। আমার এ জীবনে পাওয়ার চাইতে মনের দুংখে মরেছি অনেকবার, বারবার মরার চাইতে একবারে মরে গেলেই ভালো মনে করি।”
প্রসঙ্গত, ২০১১ সালে সন্ত্রাসী হামলায় নিহত নরসিংদী পৌরসভার তৎকালীন মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনের স্ত্রী এমপি বুবলী। একাদশ সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামা অনুযায়ী, বুবলী এইচএসসি পাস। তবে নিজের শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে নিতে তিনি বাউবির বিএ কোর্সে ভর্তি হন। বুবলী ঢাকায় থাকলেও তার হয়ে নরসিংদীতে অন্য কেউ বিএ পরীক্ষা দেয়ার বিষয়টি উঠে আসে গণমাধ্যমের খবরে। এ ঘটনায় বুবলীকে সব পরীক্ষা ও রেজিস্ট্রেশন বাতিল করে স্থায়ীভাবে বহিষ্কার করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কর্তৃপক্ষ।