ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
১৭ বছর রাজপথে থাকা নেতাকর্মীরাই ষড়যন্ত্র রুখে দেবে: শামীম
মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম
প্রকাশ: Sunday, 29 November, 2026, 3:57 PM

১৭ বছর রাজপথে থাকা নেতাকর্মীরাই ষড়যন্ত্র রুখে দেবে: শামীম

১৭ বছর রাজপথে থাকা নেতাকর্মীরাই ষড়যন্ত্র রুখে দেবে: শামীম

বন্দি বিনিময় চুক্তির আওতায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি অভিযোগ করেছেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশে অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন। গত ১৭ বছরে সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের জন্য তাঁর বিচার হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে নগরের নিউমার্কেট মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহবুবের রহমান শামীম।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। এখন সেখান থেকে দেশে অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। সরকার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাঁকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, গত ১৭ বছরে দেশে গুম, খুন ও হত্যাযজ্ঞ চালানো হয়েছে। এসব ঘটনার জন্য শেখ হাসিনার বিচার দেখতে চায় দেশের মানুষ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাওয়ার সময় পলাতক ফ্যাসিস্ট গোষ্ঠী নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা মানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। এসব চক্রান্ত মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

শামীম বলেন, গত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন। আগামী দিনেও তাঁদের নেতৃত্বেই সব ষড়যন্ত্র ও নৈরাজ্য মোকাবিলা করা হবে। তাঁর অভিযোগ, শেখ হাসিনার নির্দেশে দেশে হত্যা, গুম ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে শিশুদেরও হত্যা করা হয়েছে। এ সময় দেশের গণতন্ত্র ও ভোটাধিকার ধ্বংস করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শিশু, কিশোর, শ্রমিক ও সাধারণ মানুষ হত্যার বিচার নিশ্চিত করতে হবে। বিচারপ্রক্রিয়া নিজস্ব গতিতে এগিয়ে যাবে এবং এ বিচার থেকে কেউ রেহাই পাবে না।

তিনি শহীদ ওয়াসিম, আবু সাঈদ ও মুগ্ধসহ আন্দোলনে নিহত ব্যক্তিদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের প্রত্যাশা বৃথা যেতে দেওয়া হবে না। নিষিদ্ধ সংগঠনের নামে কেউ নাশকতা, অগ্নিসংযোগ, বোমাবাজি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে তাদের ছাড় দেওয়া হবে না।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, গত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা মামলা, হামলা, কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। তৃণমূলের এসব নেতাকর্মী এখনো রাজপথে সক্রিয় রয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ছাত্র-জনতা হত্যার বিচার এবং দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র ধ্বংস ও দেশের সম্পদ লুটের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে।

তিনি আরও বলেন, দেশে-বিদেশে একটি চক্র তারেক রহমানের অগ্রযাত্রা ও বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কেউ মিছিল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত না হয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।

কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মনজুরুল রহমানের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির।

এতে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, হারুন জামান ও শিহাব উদ্দিন মুবিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম ও খোরশেদ আলম, বিএনপি নেতা আখতার খান ও ইকবালসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব পার্থসহ নগরের বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে নিউমার্কেট মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালদিঘীর মোড়ে গিয়ে শেষ হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status