ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
নারায়ণগঞ্জ ওয়াসা প্রতিষ্ঠা, গেজেট প্রকাশ
ইমতিয়াজ আহমেদ, নারায়ণগঞ্জ
প্রকাশ: Sunday, 29 November, 2026, 3:37 PM

নারায়ণগঞ্জ ওয়াসা প্রতিষ্ঠা, গেজেট প্রকাশ

নারায়ণগঞ্জ ওয়াসা প্রতিষ্ঠা, গেজেট প্রকাশ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনভুক্ত এলাকার পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনার জন্য পৃথক ওয়াসা প্রতিষ্ঠা করেছে সরকার। ‘নারায়ণগঞ্জ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (নারায়ণগঞ্জ ওয়াসা)’ নামে নতুন এই সংস্থা প্রতিষ্ঠার প্রজ্ঞাপন বাংলাদেশ গেজেটে প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর ৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ১৬ নভেম্বর থেকে নারায়ণগঞ্জ ওয়াসা প্রতিষ্ঠা করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার প্রজ্ঞাপনটি গেজেটে প্রকাশিত হয়। একই দিনে গাজীপুর ও বগুড়া সিটি করপোরেশন এলাকার জন্যও পৃথক ওয়াসা প্রতিষ্ঠার প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

জানা গেছে, ১৯৯০ সালের ১ জুলাই থেকে ঢাকা ওয়াসা নারায়ণগঞ্জে পানি সরবরাহ কার্যক্রম পরিচালনা করে আসছিল। পরবর্তী সময়ে ২০১৯ সালের ৩১ অক্টোবর ঢাকা ওয়াসার নারায়ণগঞ্জ অঞ্চলের পানি সরবরাহ কার্যক্রম সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন তৎকালীন মেয়র সেলিনা হায়াৎ আইভী ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। এরপর থেকে সিটি করপোরেশন এ কার্যক্রম পরিচালনা করছে।

সিটি করপোরেশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে পানি সরবরাহ ব্যবস্থায় মোট গ্রাহক ২৭ হাজার ৪৬৬ জন। এর মধ্যে আবাসিক ২৬ হাজার ৪৪২, বাণিজ্যিক ৮৯২ এবং সামাজিক গ্রাহক ১৩২ জন।

প্রতিদিন পানির চাহিদা ১২ কোটি লিটার। বিপরীতে সরবরাহ করা হচ্ছে ৯ কোটি ৮০ লাখ লিটার। ফলে দৈনিক ঘাটতি ২ কোটি ২০ লাখ লিটার।

পানি সরবরাহ ব্যবস্থায় গোদনাইল ও সোনাকান্দায় দুটি শোধনাগার, ৩১টি গভীর নলকূপ, ৯টি ওভারহেড ট্যাংক এবং ৩৮৪ কিলোমিটার পাইপলাইন রয়েছে। এর আওতায় সিটি করপোরেশনের তিনটি অঞ্চল ছাড়াও ফতুল্লা ও কুতুবপুর ইউনিয়নের আংশিক এলাকা রয়েছে।


তবে নতুন ওয়াসার প্রশাসনিক কাঠামো, জনবল নিয়োগ, সম্পদ ও অবকাঠামো হস্তান্তর এবং আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর বিষয়ে গেজেটে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রায় সাত বছর আগে ঢাকা ওয়াসার কাছ থেকে পানি সরবরাহের দায়িত্ব সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের পর এবার নারায়ণগঞ্জের জন্য পৃথক ওয়াসা প্রতিষ্ঠিত হলো।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status