ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
সোনারগাঁওয়ে বিএনপির অবস্থান কর্মসূচি ক্যাম্পে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 November, 2026, 3:35 PM

সোনারগাঁওয়ে বিএনপির অবস্থান কর্মসূচি ক্যাম্পে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ

সোনারগাঁওয়ে বিএনপির অবস্থান কর্মসূচি ক্যাম্পে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির চলমান অবস্থান কর্মসূচি-ক্যাম্পে আগুন দেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। গত শনিবার রাত ১১টার দিকে উপজেলার জামপুরের বস্তল এলাকায়  ঘটনাটি ঘটে।

জামপুর ইউনিয়নে বিএনপি নেতা ও চেয়ারম্যান প্রার্থী গোলজার হোসেন প্রধানের নেতৃত্বে আওয়ামীলীগের নৈরাজ্যের বিরুদ্ধে পরিচালিত এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। ঘটনার পর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও ভাইরাল হয়। ওই এলাকায় উত্তেজনা বিরাজ করে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, শনিবার রাত ১১টার দিকে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু ও যুবদল নেতা সামির হোসেনের নেতৃত্বে আওয়ামীলীগ ও  বিএনপির একদল নেতাকর্মী মোটরসাইকেল ও প্রাইভেটকার যোগে বস্তল এলাকার বিএনপির অবস্থান কর্মসূচিতে আসেন। একপর্যায়ে তাঁরা পূর্ব শত্রুতার জেরে অবস্থান ক্যাম্পে আগুন দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরে খবর পেয়ে তালতলা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। 

অবস্থান কর্মসূচিতে থাকা নেতাকর্মীদের অভিযোগ, সেলিম হোসেন দীপু ও সামির হোসেনের নেতৃত্বে একটি দল আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ক্যাম্পে আসে। আগুন লাগাতে ব্যর্থ হয়ে ঘটনাটিকে ভিন্ন খাতে নিতে গোলজার হোসেন প্রধানের গাড়িতে আওয়ামী লীগ নেতা রাসেল আহমেদ খোকা অবস্থান করছেন-এমন অভিযোগ পুলিশকে জানানো হয়। তবে ঘটনাস্থলে থাকা পুলিশ গোলজার হোসেন প্রধানের গাড়িতে তল্লাশি চালালেও রাসেল আহমেদ খোকাকে সেখানে পাওয়া যায়নি। এ ঘটনাকে কেন্দ্র করে গোলজার প্রধানের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন ঘটনাস্থলে জড়ো হতে শুরু করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সেলিম হোসেন দীপু ও সামির হোসেন তাঁদের লোকজন নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

বিএনপি নেতা গোলজার হোসেন প্রধানের অভিযোগ, সেলিম হোসেন দীপু কিছুদিন পরপর তার কাছে চাঁদা দাবি করেন। জামপুর ইউনিয়নে নির্বাচন করতে হলে তাঁকে ১০ লাখ টাকা দিতে হবে-এমন দাবিও করা হয়েছে। তাঁর দাবি অনুযায়ী টাকা দিতে রাজি না হওয়ায় তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে একাধিকবার তার কাছ থেকে টাকা নিয়েছেন সেলিম হোসেন দীপু। শনিবার রাত ১১টার দিকে দলবল নিয়ে বস্তল অবস্থান কর্মসূচির ক্যাম্পে আসার কারণ কী? সেটি তদন্ত করে দেখার জন্য দাবি জানিয়েছেন।

গোলজার প্রধান দাবি করেন, বিএনপির দুর্দিনে তিনি নিজ দায়িত্বে এলাকায় দলের বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে ১৭টি মামলা হয়েছে। একাধিকবার হামলার শিকার হয়েছেন। ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছে। এখন বিএনপির একটি চক্রই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

 তিনি আরো বলেন,  বিএনপির রাজনীতি করেছি এবং এমপি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে বিভিন্ন কর্মসূচী পালন করেছেন। মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন।  রাজনৈতিকভাবে হয়রানি না করে ঘটনার সুষ্ঠু তদন্ত চান।

এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়। এ ঘটনাকে কেন্দ্র করে জামপুর ও আশপাশের এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার প্রকৃত কারণ ও এর পেছনে জড়িতদের  বিরুদ্ধে আইনি ও দলীয় ব্যবস্থা নেওয়া  জরুরি। কেউ এটিকে পরিকল্পিত হামলার চেষ্টা বলছেন, আবার কেউ বিএনপির অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা সংগঠনের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। তাঁদের দাবি, ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

অভিযুক্ত সেলিম হোসেন দীপু জানান, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। ঘটনা শুনে পরে গিয়েছেন। আওয়ামীলীগ নেতাকে তার গাড়িতে পাওয়া যায়নি সত্যি।  এ ঘটনাকে কেন্দ্র করে দু'তিন জনকে মারধর করা হয়েছে। ক্যাম্পে আগুন দেওয়ার চেষ্টা সত্য নয়। পাশাপাশি তার কাছ থেকে চাঁদা দাবির বিষয়টি ভিত্তিহীন। ঘটনাস্থলে পুলিশ ও নেতাকর্মীরা অবস্থান নিয়েছিল।

সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অবস্থান কর্মসূচির ক্যাম্পে আগুনে দেয়ার বিষয়টি কোন সত্যতার আলামত পাওয়া যায় নি। এ ঘটনায় কোন আহতের ঘটনা ঘটে নি। বর্তমান এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status