দুর্গম পাহাড়ে চিকিৎসকের কাছে পৌঁছানোর সীমাবদ্ধতা আর্থিক অসচ্ছলতার কারণে অনেকেই চোখের সমস্যাকে দীর্ঘদিন অবহেলা করেন। এমন মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে খাগড়াছড়ির দীঘিনালায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এতে আট শতাধিক মানুষ চোখ পরীক্ষা ও চিকিৎসাসেবা পেয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দীঘিনালা উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে দীঘিনালা জোনের উদ্যোগে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা ক্যাম্পে পাহাড়ি-বাঙালিসহ বিভিন্ন সম্প্রদায়ের নারী-পুরুষ চিকিৎসাসেবা নিতে আসেন।
চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসকদের মাধ্যমে ক্যাম্পে আগত রোগীদের চোখ পরীক্ষা, রোগ নির্ণয়, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়। পাশাপাশি ছানি আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য বিনামূল্যে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করবে দীঘিনালা জোন।
চিকিৎসা নিতে আসা রত্না চাকমা বলেন, টাকার অভাবে চোখের চিকিৎসা করানো সম্ভব হয় না। সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করায় তিনি এখানে এসেছেন। এলাকার অনেক মানুষ আগে এ ধরনের চিকিৎসা নিয়ে উপকৃত হয়েছেন, তাঁদের কথা শুনেই তিনি চিকিৎসা নিতে এসেছেন।
আরেক সেবাগ্রহীতা বকুল হোসেন বলেন, এলাকার অনেক মানুষ সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প থেকে চোখের চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন। তাঁদের কাছ থেকে জানতে পেরে তিনিও নিজের চোখ পরীক্ষা করাতে এসেছেন।
দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মোঃ আরেফ রহমান বলেন, পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি মানুষের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় দীঘিনালা জোনের উদ্যোগে ও চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
ক্যাম্পে দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মোঃ আরেফ রহমান এবং চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
দুর্গম এলাকার মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এমন উদ্যোগ চোখের রোগে আক্রান্তদের চিকিৎসার সুযোগ তৈরি করার পাশাপাশি আর্থিক অসচ্ছল মানুষের স্বাস্থ্যসেবায় সহায়ক ভূমিকা রাখছে।