ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ভুক্তভোগীর মামলা
কুড়িগ্রামে পূবালী ব্যাংক শাখায় ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় সাড়ে ৪ কোটি টাকা লোপাট
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Tuesday, 24 November, 2026, 4:44 PM

কুড়িগ্রামে পূবালী ব্যাংক শাখায় ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় সাড়ে ৪ কোটি টাকা লোপাট

কুড়িগ্রামে পূবালী ব্যাংক শাখায় ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় সাড়ে ৪ কোটি টাকা লোপাট

কুড়িগ্রামে পূবালী ব্যাংক, ঘোষপাড়া শাখায় ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
টাকা লোপাটের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তথ্যে জানা গেছে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগ সাজসে এই লোপাটের ঘটনা ঘটেছে। তবে প্রকৃত তথ্য অনুসন্ধানে ভুক্তভোগী এক গ্রাহকের আদালতে দায়ের করা মামলায় তদন্তকাজ চলছে।

ভুক্তভোগী গ্রাহক আহিনা বেগম বাদী হয়ে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

মামলার পূর্বাপর ঘটনার বিবরণে জানা যায়, অত্র শাখায় কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ধরলা আবাসনের বাসিন্দা হতদরিদ্র আহিনা বেগম, শিল্পী খাতুন এবং তার স্বামী ডলার মিয়া, মেহের আলী, মকবুল হোসেন, সহিদা বেগম, বাচ্চু মিয়াসহ ৮ জনের নামে ভুয়া ব্যাংক এ্যাকাউন্ট সৃষ্টি করে প্রায় সাড়ে ৪ কোটি টাকা লোপাট করা হয়েছে। ব্যাংক হিসাব জালিয়াতি করার উদ্দেশ্যই মূলতঃ  গত দেড় বছর আগে ওই ৮ জনের নামে খোলা হয় ওই সমস্ত ভুয়া অ্যাকাউন্ট। ভুক্তভুগীরা জানায়, তারা কেউ কোনোদিন ব্যাংকের বারান্দায় যায়নি এমনকি ব্যাংকের কোন কাগজপত্রেও সহি স্বাক্ষর করেনি। তারা শুধু এতোটুকুই বলেন, বেশ কিছুদিন আগে শামীম বাবু, শান্ত, আবুল হোসেন, সোহানুর রহমান সৈকত, নুর জামাল, আনিছুর রহমান আপেল ও রুহুল আমিন নামের কয়েক যুবক বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও ঘরবাড়ি দান করার কথা বলে তাদের কাছ থেকে ভোটার আইডি কার্ড ও ছবি চেয়ে নিয়েছিল। পরে তারা কোনো ভাতা বা ঘরবাড়ি পাননি। এমন কী দেখা মেলেনি ওই যুবকদের। পরে ১জনের নামে জালিয়াতির মামলার কথা শুনে টনক নড়ে তাদের। এরপর ব্যাংকে গিয়ে খোঁজ খবর নিতে গেলে তাদের নামে ভুয়া ব্যাংক এ্যাকাউন্ট খুলে প্রায় সাড়ে ৪ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া যায়। 
ভুক্তভোগীদের ওই সমস্ত ভুয়া ব্যাংক একাউন্টের এস্টেটমেন্ট পর্যালোচনা করে তারা জানায়, অন্যের বাসাবাড়িতে কাজ করে খাওয়া শিল্পী খাতুনের ব্যাংক হিসাবে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত লেনদেন হয়েছে ১ কোটি ৩ লাখ ৬৯ হাজার ২০০ টাকা। যার বেশিরভাগ অনলাইন লেনদেন। যা হয়েছে কখনো পূবালী থেকে পূবালী ব্যাংকের অন্য হিসাবে; কখনো হয়েছে নগদ, বিকাশ, সিটি ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, ঢাকা ব্যাংক, এবি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের একাধিক হিসাব নম্বরে। শিল্পী খাতুন আর তার স্বামীর বসবাস ধরলা আবাসন প্রকল্পের দুকক্ষের বাড়িতে। প্যারালাইস হয়ে বিছানায় তার স্বামী ডলার। তিনি জানালেন, ‘একদল ছেলে এসে আমাদের কাছ থেকে ভোটার আইডি কার্ড নিয়ে গেছিলো, পরে আমরা ব্যাংক থেকে লেনদেনের তথ্য নিয়ে জানতে পারি, আমার স্ত্রীর নামে ১ কোটি ৩ লাখ টাকার মতো লেনদেন হয়েছে। আমার নামেও খোলা হয়েছে ব্যাংক হিসাব। তবে ব্যাংক কর্তৃপক্ষ আমাকে হিসাবের তথ্য দেয় নাই। আমি এই ঘটনার ন্যায়বিচার চাই। মেহের আলী নামের একজনের ব্যাংক হিসাব থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত লেনদেন হয়েছে ৯০ লাখ ৫৬৯ টাকা। অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টের মাধ্যমে হয়েছে এসব লেনদেন। মেহের আলী বললেন, আমি অসুস্থ মানুষ; কাজ করতে পারি না। কীভাবে আমার নামে কী হইল আমি কিছুই জানি না।’
এই আবাসনের বাসিন্দা মকবুল হোসেনের ব্যাংক হিসাব থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত লেনদেন হয়েছে ৮৪ লাখ ৪৩ হাজার ৬৬৮ টাকা। তার বক্তব্যও একই রকম। এই ব্যাংক হিসাবের বিষয়ে তিনি কিছুই জানেন না। সহিদা বেগমের
 অ্যাকাউন্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত লেনদেন হয়েছে ৪০ লাখ ৩৯ হাজার ৪৭০ টাকা। তিনি এই আবাসনে কাজ করেন অন্য মানুষের বাসায়। ব্যাংক কোথায় তা তিনি চেনেনই না। আর বাচ্চু মিয়ার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে ১ লাখ ১ হাজার টাকা। তার বক্তব্য, তিনিও জানেন না, তার অ্যাকাউন্ট থেকে লেনদেন হয়েছে কীভাবে।

সার্বিক বিষয়ে কুড়িগ্রাম পূবালী ব্যাংকের ব্যবস্থাপক এ এইচ এম আলমগীর কবিরের সঙ্গে কথা বলতে চাইলে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে তিনি বলেছেন, ‘বিষয়টি আদালতে বিচারাধীন। পুলিশি তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাবে না।’ ভুক্তভোগীদের উপস্থিতি ছাড়া কীভাবে তাদের নামে ব্যাংক হিসাব খোলা হলো এবং এসব হিসাবে কে, কীভাবে বিপুল অর্থ লেনদেন করেছেন, সে বিষয়ে ব্যবস্থাপকের কাছ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

এ ব্যাপারে ভুক্তভোগী অহিনা বেগম বাদী হয়ে গত ২ নভেম্বর কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শামীম বাবু, শান্ত, আবুল হোসেন, সোহানুর রহমান সৈকত, নুর জামাল, আনিছুর রহমান আপেল ও রুহুল আমিনসহ ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী কুড়িগ্রাম পূবালী ব্যাংকে৮ জন দরিদ্র মানুষের নামে জালিয়াতির মাধ্যমে ৮টি ব্যাংক হিসাব খোলা হয়। এসব হিসাবের মাধ্যমে ৪ কোটি ৩৩ লাখ ৩৬ হাজার ৪৫৬ টাকা উত্তোলন করা হয়েছে।

মামলার বাদীপক্ষের আইনজীবী ফারুক হোসেন সেতু বলেছেন, ‘দরিদ্র মানুষের এনআইডি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণা করা হয়েছে। আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন। আশা করি, প্রকৃত অপরাধীরা ধরা পড়বে এবং ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার পাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status