টমটমের চাকায় ওড়না পেঁচিয়ে নারী শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Monday, 15 June, 2026, 11:28 AM
টমটমের চাকায় ওড়না পেঁচিয়ে নারী শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু
খাগড়াছড়ি সদর উপজেলার শালবন গেইট এলাকায় চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) থেকে ছিটকে পড়ে ওড়না পেঁচিয়ে শ্রীমতি অর্পনা ধর (৩৫) নামে এক নারী শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৪-জুন-২৬) সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকায় দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অর্পনা ধর খাগড়াছড়ি শালবন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা এবং খাগড়াছড়ি সদর উপজেলার শালবন এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় বাসিন্দা অপু ধরের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, অর্পনা ধর তার দুই যমজ কন্যা সন্তানকে চিকিৎসকের কাছে দেখিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাসায় ফিরছিলেন। পথে শালবন গেইট এলাকায় চলন্ত অটোরিকশার চাকার সঙ্গে তার গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়। এতে মুহূর্তের মধ্যে তিনি অটোরিকশা থেকে ছিটকে পড়ে গলায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা জানান, সন্তানদের সামনেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আকস্মিক এ মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অর্পনা ধরের মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়রা এমন দুর্ঘটনা এড়াতে ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।