কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের উমরমজিদ মৌজার আটহাজারী গ্রামে দীর্ঘদিন ধরে দখলে থাকা একটি সরকারি রাস্তা দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।
বুধবার ৩০ জুন জনস্বার্থে পরিচালিত এক অভিযানে প্রায় ১ হাজার ২০০ ফুট দৈর্ঘ্যের সরকারি রাস্তা অবৈধ দখলমুক্ত করা হয়। জানা যায়, আব্দুস ছালাম মাস্টারের বাড়ির সম্মুখ থেকে শুরু হওয়া রাস্তা প্রায় ৩০ বছর ধরে অব্যবহৃত অবস্থায় ছিল। বিভিন্ন ব্যক্তি অবৈধভাবে রাস্তার জায়গা দখল করে রাখায় স্থানীয় জনসাধারণের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।
অভিযানে নেতৃত্ব দেন রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামিউর রহমান। অভিযানকালে রাস্তার সীমানা নির্ধারণ করে দখলমুক্ত করা হয় এবং জনসাধারণের অবাধ চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তা দখল হয়ে থাকায় তাদের যাতায়াতে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। রাস্তা পুনরুদ্ধার হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। এ অভিযানের ফলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।