ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২ আগস্ট ২০২৬ ১৮ শ্রাবণ ১৪৩৩
সংবাদ সম্মেলন
বিচারকের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার করে জমি দখলের অভিযোগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 2 August, 2026, 8:10 PM
সর্বশেষ আপডেট: Sunday, 2 August, 2026, 8:14 PM

বিচারকের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার করে জমি দখলের অভিযোগ

বিচারকের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার করে জমি দখলের অভিযোগ

গাজীপুর সিটি করপোরেশনের আউটপাড়া এলাকায় পৈতৃক সম্পত্তি দখলকে কেন্দ্র করে এক বিচারকের বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতা ও সরকারি পদের অপব্যবহারের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। প্রভাব খাটিয়ে দেশের বিভিন্ন জেলায় একের পর এক মানবপাচার, গণধর্ষণ ও ছিনতাইয়ের মতো গুরুতর অপরাধের কাল্পনিক ও হয়রানিমূলক মামলা দিয়ে এক পরিবার ও স্থানীয় ব্যবসায়ীদের চরম অতিষ্ঠ করে তোলা হয়েছে ।

গতকাল রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্যে এই চিত্র তুলে ধরেন তৌহিদুল ইসলাম মজিবর।

 লিখিত বক্তব্যে তৌহিদুল ইসলাম জানান, তিনি এবং তার পাঁচ বোন পৈতৃক সূত্রে গাজীপুরের আউটপাড়া এলাকার উক্ত জমির বৈধ ওয়ারিশ ও মালিক। খতিয়ান, নামজারি, হালনাগাদ খাজনা রশিদসহ জমি সংক্রান্ত সব ধরনের বৈধ কাগজপত্র তাদের নামেই নিবন্ধিত রয়েছে। দীর্ঘদিন ধরে সীমানা নির্ধারণ করে তারা জমিতে একটি বহুতল আবাসিক ভবন ও ‘হাজী হোসেন পাইকারী মার্কেট’ নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।
তিনি বলেন, মূল সমস্যার সূত্রপাত হয় তার সৎ বড় ভাইয়ের মেয়ের জামাই বিচারক আরিফুল ইসলাম সোহেল সরকারি ক্ষমতার অপব্যবহার করেন। তার স্ত্রীকে বেআইনিভাবে জমির মালিক হিসেবে দাবি করে মার্কেটের ভাড়া তার স্ত্রীর কাছে দেওয়ার জন্য ব্যবসায়ীদের নোটিশ পাঠান।

সংবাদ সম্মেলনে ‘হাজী হোসেন পাইকারী মার্কেট ব্যবসায়ী সমিতি’র নেতারা অভিযোগ করেন, ব্যবসায়ীরা কোনো বৈধ কাগজপত্র ছাড়া বিচারকের স্ত্রীকে ভাড়া দিতে অস্বীকৃতি জানালে গভীর রাতে তাদের বাসা-বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখানো হয়। ভাড়া আদায় করতে ব্যর্থ হয়ে কক্সবাজার, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন দূরবর্তী জেলায় নিরীহ ব্যবসায়ীদের আসামি করে গণধর্ষণ, ছিনতাই ও চাঁদাবাজির ভুয়া মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে তৌহিদুল ইসলাম মজিবর নিজের ওপর গত কয়েক বছরে ঘটে যাওয়া ধারাবাহিক নির্যাতনের ঘটনা সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।

এরমধ্যে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদের মাধ্যমে তৌহিদুলকে তুলে নিয়ে একটি ভুয়া চাঁদাবাজির মামলা দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে মামলায় কোনো সত্যতা না পেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।
২০১৯ সালে চট্টগ্রামের একটি আদালতে তৌহিদুলের বিরুদ্ধে হঠাৎ দুটি মানবপাচার মামলা করা হয়। এতে তাকে গ্রেপ্তার করে টানা ৮ মাস চট্টগ্রাম কারাগারে আটকে রাখা হয়। যদিও ওই বছরের আগস্টে আদালত তাকে এই মামলা থেকে বেকসুর খালাস দেন।

অভিযোগ তিনি আরো বলেন, ২০১৯ সালে আগস্টৈর পরে চট্টগ্রাম মামলা নিষ্পত্তির আগেই কৌশলে ব্রাহ্মণবাড়িয়ায় দুটি এবং নারায়ণগঞ্জে একটি মানবপাচারের মামলা করা হয়, যেখানে তার নির্দোষ আত্মীয়স্বজনদেরও আসামি করা হয়।

এতেই থেমে থাকেনি তারা। ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ার মামলায় জামিন পাওয়ার পর বিদেশ গমনের সময় বিমানবন্দরে "পাসপোর্ট ব্লক"-এর দোহাই দিয়ে তাকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী তৌহিদুল ইসলাম জানান, তিনি ও তার পরিবার ক্রমাগত প্রাণনাশের হুমকি ও আইনি নিপীড়নের মধ্যে দিন কাটাচ্ছেন। একইসঙ্গে মার্কেটের সাধারণ ব্যবসায়ীরাও ব্যবসা গুটিয়ে নেওয়ার উপক্রম হয়েছে।

বিচারক আরিফুল ইসলাম সোহেলের বিচারবহির্ভূত নিপীড়ন, ক্ষমতার অপব্যবহার ও ভুয়া মামলার বিষয়টি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের আওতায় আনতে বিচার প্রধান বিচারপতি এবং আইন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। ভুক্তভোগীরা অতিদ্রুত তাদের সম্পত্তি, পরিবার ও ব্যবসায়ীদের জীবনযাত্রার নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাজী হোসেন পাইকারী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির খান, সহসভাপতি সাইফুল ইসলামসহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status