ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
পার্বত্য অঞ্চলের উন্নয়নে বড় সিদ্ধান্ত: কৃষি বিশ্ববিদ্যালয়, হিমাগার ও সড়ক উন্নয়নের ঘোষণা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 12 May, 2026, 10:58 AM

পার্বত্য অঞ্চলের উন্নয়নে বড় সিদ্ধান্ত: কৃষি বিশ্ববিদ্যালয়, হিমাগার ও সড়ক উন্নয়নের ঘোষণা

পার্বত্য অঞ্চলের উন্নয়নে বড় সিদ্ধান্ত: কৃষি বিশ্ববিদ্যালয়, হিমাগার ও সড়ক উন্নয়নের ঘোষণা

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।

তিনি বলেন, পাহাড়ের সকল জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে একটি স্থিতিশীল ও সমৃদ্ধ অঞ্চল গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য।

সোমবার(১১ মে) দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউস-এ আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়িতে প্রথম সরকারি সফরে এসে মন্ত্রী স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন চাহিদার বিষয়ে সরাসরি মতামত গ্রহণ করেন। তিনি এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

মন্ত্রী বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে পার্বত্য এলাকার জনগণ সরকারের প্রতি যে আস্থা প্রকাশ করেছে, তা উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে।

শিক্ষা খাতের উন্নয়নে খাগড়াছড়িতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি কৃষকদের উৎপাদিত পণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণ সহজ করতে আধুনিক হিমাগার নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

পর্যটন শিল্পের বিকাশে সাজেক ভ্যালি এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সড়ক সম্প্রসারণ ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এতে পর্যটন খাত আরও বিকশিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও জানান, প্রশাসনিক কাঠামোকে আরও কার্যকর করতে শিগগিরই তিন পার্বত্য জেলা পরিষদ, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এবং পার্বত্য উন্নয়ন বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে। এর ফলে উন্নয়ন কার্যক্রমে সমন্বয় বাড়বে এবং বাস্তবায়ন আরও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সভায় খাগড়াছড়ি রিজিয়নের ২০৩ পদাতিক ব্রিগেডের কমান্ডার কে এম ওবায়দুল হক, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, মং সার্কেলের প্রধান সাচিংপ্রু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা পার্বত্য অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status