|
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
মোঃ শাহনেওয়াজ, কালীগঞ্জ
|
![]() কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ঢাকা থেকে এসে মফস্বলের হাসপাতালে চাকুরি করবে এমন সুযোগ নেই। কর্মস্থলে থেকে চাকুরী করতে হবে। শনিবার (৭ মার্চ) সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে এসে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। সকাল ১০ টায় ৫০ শয্যা বিশিষ্ট কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউ.এইচ.ও) ডা. রেজওয়ানা রশীদকে অনুপস্থিত পান। এসময় হাসপাতালের ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিধ নাজমুল ইসলাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছুটিতে আছেন বলে জানিয়ে সিভিল সার্জনের অনুমোদনবিহীন ছুটির আবেদনের একটি স্ক্যান কপি মন্ত্রীকে দেখান। এছাড়াও হাজিরা খাতা পরীক্ষা করে বিনা ছুটিতে গাইনি কনসালট্যান্ড সানজিদা পারভীন, মেডিকেল বিশেষজ্ঞ ঈশিতা দাস, জুনিয়র কনসালট্যান্ড আদনান ইসলাম ও মো. জিয়াউদ্দিনকে অনুপস্থিত পাওয়া যায়। স্বাস্থ্য মন্ত্রীর আগমনের খবর শুনে সাড়ে দশটার দিকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ হাসপাতালে ছুটে এসে অসুস্থ্যতাজনিত ছুটিতে আছেন জানিয়ে ক্ষমা প্রার্থনা করেন। যদিও তার আবেদনপত্রে পারিবারিক সমস্যাজনিত কারণে ছুটি উল্লেখ আছে। পরে মন্ত্রী পুরুষ ও মহিলা ওর্য়াডে গিয়ে রোগীদের সাথে কথা বলেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন। খাবারের মান যাছাই করেন। দাঁড়িয়ে থেকে চিকিৎসকদের জন্য অপেক্ষামান রোগীদের সাথেও কথা বলেন। মন্ত্রী চিকিৎসা নিতে কোনো টাকা-পয়সা লাগে কী না জানতে চাইলে রোগীরা বলেন টিকেট কিনতে টাকা দিতে হয়। তবে হাসপাতালে ডাক্তাররা দেরিতে আসেন। অনেক সময় রোগীদের লাইনে দাঁড় করিয়ে রেখে চিকিৎসকরা খোশগল্পে মেতে উঠেন। বাজেট থাকা সত্বেও ওয়াশরুমগুলোতে হ্যান্ডওয়াস কিংবা সাবান ছিল না। ফার্মেসিতে রোগীকে ঔষধ কম দেওয়ারও প্রমাণ পান মন্ত্রী। রোগীর প্রেসক্রিপশনে ১৪পিচ ঔষধের মধ্যে ১০পিচ দেওয়া হয়। এসময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন সাংবাদিকদের আরো বলেন, ডাক্তাররা রোগী না দেখে অহেতুক সময় কাটলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। রোগীদের ঔষধ কম দিলে তা রেজিস্টারে লিপিবদ্ধ রাখতে হবে। তা না হলে এই ধরনের অনিয়ম মেনে নেয়া হবে না। হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও ক্রটি ধরা পড়েছে। আমি এসব বিষয় নোট করে নিয়েছি। হাসপাতালের অনিয়ম ও ত্রুটি দূর করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
