যশোরে আসছেন তারেক রহমান নিরাপত্তায় থাকছে ৫ শতাধিক পুলিশ
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Saturday, 31 January, 2026, 3:14 PM
যশোরে আসছেন তারেক রহমান নিরাপত্তায় থাকছে ৫ শতাধিক পুলিশ
আগামী ২ ফেব্রুয়ারি যশোরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন দুপুর ১২টায় যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। গণমাধ্যমের সামনে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে শুক্রবার রাতে জেলা বিএনপির উদ্যোগে পৃথক দুটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। একটি সভায় জেলা বিএনপি অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন; অন্য সভায় উপস্থিত ছিলেন ধানের শীষের সাবেক প্রার্থীসহ বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এসব সভায় থেকে নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
জনসভায় প্রায় দেড় থেকে দুই লাখ নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটবে বলে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে জেলা জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, জনসভাকে কেন্দ্র করে ৫ শতাধিক পুলিশ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে তারা মাঠে নিয়োজিত থাকবেন।একই সঙ্গে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ওইদিন ৬টি বিশেষ টিম মাঠে থাকবে, যার প্রতিটি টিমে ১০ জন করে সদস্য থাকবেন। এছাড়া সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা দায়িত্ব পালন করবেন ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জনসভাস্থল পরিদর্শন করেছেন এবং সার্বিক নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করছেন।
তারেক রহমানের যশোর সফরের খবরে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ ও কৌতূহল সৃষ্টি হয়েছে সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যশোর সফর করে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, এর পরপরই তারেক রহমানের এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে। তিনি যশোরবাসীর জন্য কী বার্তা নিয়ে আসছেন, তা নিয়ে চলছে নানা আলোচনা।