ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
রাজশাহীতে পৌঁছেছেন তারেক রহমান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 29 January, 2026, 1:13 PM

রাজশাহীতে পৌঁছেছেন তারেক রহমান

রাজশাহীতে পৌঁছেছেন তারেক রহমান

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে নির্বাচনী জনসভায় যোগ দিতে রাজশাহীতে পৌঁছেছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টা ১৮ মিনিটের দিকে ঢাকার একটি বিশেষ ফ্লাইটে তিনি রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন।

জানা গেছে, বিমানবন্দর থেকে ইতোমধ্যেই তিনি সড়কপথে রাজশাহী শহরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। দুপুর দেড়টায় তিনি হযরত শাহ মখদুম (রহ.) -এর পবিত্র মাজার জিয়ারত করবেন। বেলা ২টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন। এ জনসভায় রাজশাহী জেলা ও মহানগরের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

এরপর বিকেল সাড়ে ৫টায় নওগাঁর এটিএম মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। এ জনসভায় জয়পুরহাটের নেতাকর্মীরা অংশ নেবেন। সেখান থেকে তিনি সড়কপথে নিজ জেলা বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় তারেক রহমান বগুড়ায় আলফাতুন্নেসা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন। রাত সাড়ে ৮টায় রাত্রিযাপনের উদ্দেশ্যে তিনি হোটেল নাজ গার্ডেনে চলে যাবেন।

এর আগে বৃহস্পতিবার সকালে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপি’র নির্বাচনী জনসভা শুরু হয়। সকাল থেকেই রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন থানা-উপজেলা ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। মানুষের ঢলে মাদ্রাসা ময়দান ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

সকাল থেকেই রাজশাহী নগরের বিভিন্ন ওয়ার্ড, থানা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করেন। মিছিলে নানা ধরনের স্লোগান, ব্যানার ও ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো ময়দান। সংসদ সদস্য প্রার্থীদের বড় বহর মাঠে প্রবেশ করলে উচ্ছ্বাস আরও বেড়ে যায়।

বিপুল মানুষের চাপে সমাবেশস্থলের আশপাশের সড়কে যান চলাচল সীমিত হয়ে পড়ে। অনেক তরুণকে প্রিয় নেতাকে এক নজর দেখার আশায় গাছ, উঁচু দেয়াল ও বিভিন্ন স্থাপনার ওপর উঠে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তরুণ, যুবক, বৃদ্ধ-সব বয়সী মানুষের উপস্থিতিতে মাদ্রাসা ময়দান পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে।

সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাঠ ও আশপাশে পুলিশ, র‍্যাব ও বিজিবিকে সতর্ক অবস্থানে দেখা গেছে। সভামঞ্চের সামনে ও গুরুত্বপূর্ণ প্রবেশপথে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। আকাশে ড্রোন উড়তে দেখা গেছে, যার মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status