|
নির্বাচনে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার- ভিডিপি সদস্য কাজ করবে : গাজীপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() নির্বাচনে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার- ভিডিপি সদস্য কাজ করবে : গাজীপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা সোমবার (১২জানুয়ারি) দুপুরে গাজীপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে ৪১তম বিসিএস (আনসার) কর্মকর্তা, উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক ও প্রশিক্ষিকা এবং আনসার ব্যাটালিয়নের ২৬ ও ২৭তম ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে গত বছরের আগস্ট মাস থেকেই আনসার ও ভিডিপি সুপরিকল্পিত ও সমন্বিত কার্যক্রম (ট্রেনিং) গ্রহণ করেছে। এরই মধ্যে প্রায় ৫৬ হাজার উপজেলা ও থানা কোম্পানি আনসার, ২ লাখ ৫৫ হাজার ভিডিপি সদস্য এবং তিন হাজারের বেশি আনসার ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রায় সাড়ে চার লাখ সদস্যকে STDMS সফটওয়্যারের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। প্রতিটি টিমে ১০ জন করে মোট ১১ হাজার ৯১০ জন সদস্য দায়িত্ব পালন করবেন, যা সামগ্রিক নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। নির্বাচনে অনৈতিক ও পক্ষপাতমূলক কর্মকাণ্ড থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেশের ভবিষ্যৎ কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পবিত্র দায়িত্ব সবাইকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে। দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু আখ্যায়িত করে তিনি বলেন, দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে দুর্বল করে এবং জনগণের আস্থা নষ্ট করে। কোনো আনসার সদস্য যদি ব্যক্তিস্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার অংশ হয়ে কাজ করে, তবে তা রাষ্ট্রের ভিত্তিকেই ক্ষতিগ্রস্ত করে। তিনি বলেন, আনসার ও ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয় এবং কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষকও নয়। তারা জনগণের করের টাকায় বেতনভুক্ত রাষ্ট্রীয় কর্মচারী। তাই কোনো বেআইনি আদেশ, পক্ষপাতমূলক কর্মকাণ্ড বা স্বার্থান্বেষী এজেন্ডার অংশ না হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সেরা নৈপুণ্য ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে চারজন নবীন প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যকে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
