উখিয়ায় অবৈধ পাহাড় কাটার সময় ধস, প্রাণ গেল এক শ্রমিকের
এইচ.কে রফিক উদ্দিন, উখিয়া
প্রকাশ: Saturday, 10 January, 2026, 12:22 PM
উখিয়ায় অবৈধ পাহাড় কাটার সময় ধস, প্রাণ গেল এক শ্রমিকের
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অবৈধ পাহাড় কাটার সময় সংঘটিত ভয়াবহ ধসে নুরুল আমিন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারী) ভোর আনুমানিক ৪টার দিকে হেলাল নামের এক ব্যক্তির নিয়ন্ত্রণাধীন পাহাড় কাটা কার্যক্রম চলাকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ভোরের অন্ধকারে পাহাড়ের একটি বড় অংশ আকস্মিকভাবে ধসে পড়ে নুরুল আমিন মাটির নিচে চাপা পড়েন। স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত হয়। নিহত নুরুল আমিন মির আহমদের ছেলে এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
উখিয়া থানার পুলিশ সূত্র জানায়, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। অবৈধ পাহাড় কাটার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করে পরিবেশ সংরক্ষণ আইনসহ প্রচলিত ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, জালিয়াপালং এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা হেলাল ও সরোয়ারের নেতৃত্বে অবৈধ পাহাড় কাটা চললেও কার্যকর তদারকির অভাবে বারবার প্রাণহানির ঘটনা ঘটছে। তারা অবিলম্বে অবৈধ পাহাড় কাটা বন্ধ, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতের পরিবারের জন্য সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।