বছরের পর বছর ধরাছোঁয়ার বাইরে, অবশেষে পুলিশের জালে ‘শুটার সৈকত’
তামান্না জেনিফার, বরগুনা
প্রকাশ: Thursday, 8 January, 2026, 5:56 PM
বছরের পর বছর ধরাছোঁয়ার বাইরে, অবশেষে পুলিশের জালে ‘শুটার সৈকত’
বরগুনার পাথরঘাটায় মাদক, চাঁদাবাজি, ডাকাতি ও পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় দায়ের করা একাধিক মামলার পলাতক আসামি চিহ্নিত সন্ত্রাসী সৈকতকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি) রাতে পাথরঘাটা উপজেলার মুন্সিরহাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পাথরঘাটা থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাথরঘাটা থানা পুলিশ সূত্রে জানা গেছে, সৈকতের বিরুদ্ধে পাথরঘাটা থানাসহ বিভিন্ন থানায় মাদক, চাঁদাবাজি, ডাকাতি এবং পুলিশ সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় মোট সাতটি মামলা রয়েছে। এছাড়া একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।
স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেন, সৈকত দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি ও সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে রেখেছিল। কেউ তার কর্মকাণ্ডের বিরোধিতা করলেই অবৈধ পিস্তলসহ বিভিন্ন অস্ত্র দেখিয়ে হুমকি দিত। এলাকাবাসীর কাছে সে ‘শুটার সৈকত’ নামেই পরিচিত ছিল।
এক স্থানীয় ব্যবসায়ী বলেন, “তার ভয়ে নিয়মিত দোকান খুলতেও ভয় পেতাম। চাঁদা না দিলে নানা ধরনের ভয়ভীতি দেখানো হতো। তার গ্রেফতারে আমরা কিছুটা স্বস্তি পেয়েছি।” আরেক এলাকাবাসী জানান, “সৈকতের কারণে এলাকায় দীর্ঘদিন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছিল। সন্ধ্যার পর মানুষ ঘর থেকে বের হতে সাহস করত না।”
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমীর সেরনিয়াবাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল মুন্সিরহাট এলাকায় অভিযান চালিয়ে সৈকতকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত রিমান্ড শুনানি অপেক্ষমান রেখে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।