ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
ককটেল বিস্ফোরণে উড়ে গেছে ঘর, জমিতে পড়েছিল মরদেহ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 8 January, 2026, 1:04 PM

ককটেল বিস্ফোরণে উড়ে গেছে ঘর, জমিতে পড়েছিল মরদেহ

ককটেল বিস্ফোরণে উড়ে গেছে ঘর, জমিতে পড়েছিল মরদেহ

শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া বিস্ফোরণে উড়ে গেছে ঘরের টিনের চাল। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার বিলাসপুর মুলাই বেপারিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। মাঝেমধ্যে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও হাতবোমা নিয়ে সংঘর্ষে জড়ায়। 

বৃহস্পতিবার ভোরে কুদ্দুস বেপারীর চাচাতো ভাই সাগর বেপারীর সদ্য তৈরি করা বসতঘরে হাতবোমা তৈরি করার সময় বিস্ফোরণ ঘটলে সোহান বেপারী নিহত হন। পরে তার মরদেহ পাওয়া যায় পাশের ক্ষেতে। এছাড়া এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

গত তিন মাস আগে নতুন ঘরটি তৈরি করেন কুদ্দুস বেপারীর চাচাতো ভাই সাগর বেপারী। ঘরটি তৈরিতে আর্থিক সহযোগিতা করেন কুদ্দুস ব্যাপারী নিজেই। তবে ঘরটিতে এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ না থাকায় সেখানে উঠেনি সাগর ও তার পরিবার।

এমন ঘটনার পর সাগরের স্ত্রী শিল্পী বেগম বলেন, আমার স্বামী ভ্যান চালায়। মানুষের থেকে সহযোগিতা নিয়ে ঘরটি তৈরি করেছি। ভেবেছিলাম কয়েকদিন পরে ঘরটিতে উঠবো। ভোরে বোমার শব্দ পেয়ে ঘুম ভাঙে। পরে জানতে পারি আমাদের নতুন ঘরে নাকি বোমা বিস্ফোরণ হয়েছে। কে বা কারা ওই ঘরটিতে রাতে ছিলো। ঘরে কোনো মালামাল না থাকায় তালা দেওয়া হতো না।

সাজেদা বেগম নামের স্থানীয় এক নারী বলেন, আগে এলাকায় অনেক মারামারি হতো। দুই পক্ষের লোকজন মারামারি করতো। এক বছর ধরে অনেকে জেলে থাকায় ভালই ছিলাম। এখন আবার আগের মতো শুরু হয়েছে। আমরা কোনো মারামারি চাই না।

রাবেয়া খাতুন নামের আরেক নারী বলেন, প্রথমে ভেবেছিলাম ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছে। ঘর খুলে দেখি অনেক ধোঁয়া আর কিছু লোক দৌড়ে পালাচ্ছে। এমন ঘটনার পর থেকে আমরা অনেক আতঙ্কিত হয়ে পড়েছি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড আপস) তানভীর হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইন ও ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status