|
পাথরঘাটায় হরিণের দু’টি মাথাসহ ৪০ কেজি মাংস উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
|
![]() পাথরঘাটায় হরিণের দু’টি মাথাসহ ৪০ কেজি মাংস উদ্ধার বুধবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চরদুয়ানী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নাপ্তারখাল এলাকায় এসব হরিণের মাংস ও মাথা উদ্ধার করা হয়। তবে ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মো. সাইফুল ইসলামের নেতৃত্বে নৌ পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া দুটি হরিণের মাথা ও তিন বস্তায় প্রায় ৪০ কেজি মাংস জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, উদ্ধারকৃত মাংস সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। পরে বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে জব্দ করা মাংস কেরোসিন ঢেলে মাটিতে পুঁতে ফেলা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
