গতকাল বুধবার সোয়া ১২ টার দিকে ময়মনসিংহ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নাছিমা খাতুন এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা তারাকান্দা থানার এসআই লিটন চন্দ্র পাল অভিযুক্ত হিজবুল ও তার দুই সহযোগীর ৩ দিন করে রিমান্ড আবেদন করেন।
ময়মনসিংহ আদালতের পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, চাঁদাবাজি মামলায় গতকাল বুধবার তিন আসামীর উপস্থিতিতে রিমান্ড শুনানি শেষে হিজবুল আলমকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বাকি দুজনের রিমান্ড মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
গত সোমবার রাত ৯ টার দিকে ছাত্রদল নেতা হিজবুল আলম ওরফে জিয়েসকে গ্রেপ্তার করে পুলিশ। বানিহালা ইউনিয়নের মাঝিয়ালি গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে ও একই ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। এর আগে সোমবার ভোর রাতে তার দুই সহযোগী রাফি (১৯) ও আবদুল্লাহকে (২০) গ্রেপ্তার করে পুলিশ। সোমবার রাফি ও আবদুল্লাহকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গত ১১ আগস্ট ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সহসম্পাদক মামুন সরকার তারাকান্দা থানায় একটি মামলা করে। চাঁদাবাজি ও মারধরের অভিযোগে করা মামলায় উল্লেখ করা হয়, ৮ আগস্ট মাঝিয়ালি বাজারে এক দোকানদারের কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন হিজবুল। একপর্যায়ে ওই দোকানিকে মারধর করে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। পরে দোকানটি খোলার ব্যবস্থা করে দেন মামুন। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে পরদিন (৯ আগস্ট) মামুনকে মারধর করেন হিজবুল। এই ঘটনায় তারাকান্দা থানায় মামুন সরকার বাদী হয়ে একটি মামলা করেন। এতে হিজবুলসহ অজ্ঞাতপরিচয় ৪–৫ জনকে আসামি করা হয়।
গান বাজিয়ে নির্যাতনের ঘটনায় আরও একটি মামলা
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিজের আয়না ঘরে নিয়ে মুঠোফোনে হিন্দি-বাংলা গান ছেড়ে দুজন মারছেন হিজবুল। দেশীয় অস্ত্র ঘুরাতেও দেখা যায় হিজবুলকে। মো. জুয়েল মিয়া ও মো. রাসেল মিয়াকে ভিডিওতে দেখা গেলেও সেখানে রুহুল আমিনকেও মারধর করা হয়। গত ২৭ জুলাই সন্ধ্যা থেকে রাত ১১ টা পর্যন্ত তিনজনকে মারধর করা হয়। 'আয়না ঘরে' নির্যাতন চালানো সেই ভিডিও ভাইরাল হওয়ার পর ভুক্তভোগীদের একজন মো. জুয়েল মিয়া বাদী হয়ে গতকাল রাতে থানায় অভিযোগ দিলে আজ সেটি মামলা হিসেবে নতিভুক্ত করে। মামলায় হিজবুর আলম ওরফে জিয়েসকে প্রধান আসামী করে আরও ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৩-৪ জনকে আসামী করা হয়।
তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান বলেন, চাঁদাবাজির ধারায় নতুন একটি মামলা হয়েছে জিয়েস ও তার সহযোগীদের বিরুদ্ধে। ভিডিও ভাইরাল হওয়া ব্যক্তিদের একজন বাদী হয়ে মামলাটি করেছে।