অপরাধবোধ থেকে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী: ফখরুল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 26 January, 2019, 7:09 PM
অপরাধবোধ থেকে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী: ফখরুল
জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি তার বক্তব্য শুনেছি। শুনে আমার মনে হয়েছে, তিনি গিল্টি কনসেন্স (অপরাধবোধ) থেকে বক্তব্য দিয়েছেন। কেন জানি তার মনে হয়েছে, নির্বাচন ঠিক হয়নি, এর একটা ব্যাখা দেওয়া প্রয়োজন। সেই ব্যাখ্যাটি তিনি দিয়েছেন।
শনিবার (২৬ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে দেওয়ো বক্তব্যে এসেছে, বিএনপি কেন নির্বাচনে ভালো করতে পারলো না। কেন আওয়ামী লীগ এত ভালো করলো। সাধারণত আমরা কী দেখি? একটা নির্বাচনের পরে এই ধরনের কথা কেউ আনে না। তিনি বিএনপির ব্যাপারে অনেকগুলো কথা বলেছেন তার চিন্তা-ভাবনা থেকে। প্রকৃত ঘটনা নিয়ে কেউ কিছু বলে না। এমনকি মিডিয়াও না।
তিনি বলেন, এই নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ওপর থেকেও আস্থা চলে গেছে মানুষের। বিভিন্ন এজেন্সিগুলোকেও ব্যবহার করা হয়েছে নির্বাচনে। সামগ্রকিভাবে জনগণের প্রতিপক্ষ হিসেবে রাষ্ট্রকে নামিয়ে দেওয়া হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, একাদশ নির্বাচন নিয়ে যে সব কথা এসেছে, যে সব রিপোর্ট এসেছে তাতে করে প্রমাণিত হয়ে গেছে যে, এটা কোনো নির্বাচনই হয়নি। নির্বাচনের নামে জাতির সঙ্গে কঠিন তামাশা করা হয়েছে।
পুননির্বাচনের দাবি পুনব্যর্ক্ত করে তিনি বলেন, দেশের সব সচেতন মানুষ মনে করে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। ঐক্যফ্রন্ট-বিএনপিসহ আমাদের জোট নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছি। পুনরায় একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দাবি করছি, যে নির্বাচনে জনগণ তাদের ভোট দিতে পারবে, জগণের সরকার প্রতিষ্ঠা হবে।
৩০ ডিসেম্বরের ভোটে রাষ্ট্রকে জনগণের প্রতিপক্ষ করা হয়েছে এমন মন্তব্য করে ফখরুল বলেন, এই নির্বাচনের ফলে রাষ্ট্রের উপর জনগণের আস্থা বিনষ্ট হয়ে গেছে। রাষ্ট্রযন্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন এজেন্সিগুলোকে ব্যবহার করা হয়েছে। সামগ্রিকভাবে জনগণের প্রতিপক্ষ হিসেবে নামিয়ে দেয়া হয়েছে রাষ্ট্রকে।এই কাজটি আওয়ামী লীগই করেছে।
নির্বাচন কমিশনের উপর মানুষের বিন্দুমাত্র আস্থা নেই মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এই নির্বাচনের ফলে নির্বাচনের অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানটির উপরই মানুষের আস্থা চলে গেছে। এই নির্বাচনের ফলে নির্বাচন কমিশনের উপর আস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেল।
প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ডাক ও বিরোধী দলকে সংসদে যোগ দানের আহ্বানের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখথরুল বলেন, তিনি জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছেন তা মেনে নেওয়ার কোনও কারণ নেই। নির্বাচনের আগে তিনি যখন আমাদের সঙ্গে সংলাপ করেছেন, তখন তিনি যে কথাগুলো বলেছিলেন সেগুলো কী রাখতে পেরেছেন? একটাও রাখতে পারেননি। তিনি বলেছিলেন, কোন গ্রেফতার ও নতুন কোনও মামলা হবে না। নির্বাচনের একটা লেভেল প্লেয়েইং ফিল্ড তৈরি করা হবে। তাও করেননি।
বিএনপির সিনিয়র এ নেতা বলেন, এখন যে কথাগুলো প্রধানমন্ত্রী বলছেন, তা কথার কথা। এগুলো তিনি সব সময় বলেন। আমরা তো নির্বাচনের ফলাফলই প্রত্যাখান করেছি। সেখানে নতুন করে শপথ নেওয়া বা সংসদে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না।
২৬ জানুয়ারি মির্জা ফখরুলের ৭১তম জন্মদিন। এ নিয়ে তিনি বলেন, বৃদ্ধ মানুষকে জন্মদিনের কথা বলা মানে মৃত্যুর দিন ঘনিয়ে আসছে তা স্মরণ করিয়ে দেওয়া। এখন জন্মদিন মানে জীবন থেকে আরও একটা বছর চলে যাওয়া তা মনে করিয়ে দেওয়া।