১৩ শ্রমিক নিহতের ঘটনায় ট্রাকচালক-হেলপারের বিরুদ্ধে মামলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 26 January, 2019, 2:46 PM
১৩ শ্রমিক নিহতের ঘটনায় ট্রাকচালক-হেলপারের বিরুদ্ধে মামলা
কুমিল্লার চৌদ্দগ্রামে ইটভাটার ১৩ শ্রমিকের নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি) রাতে চৌদ্দগ্রাম থানায় নিহত শ্রমিক রঞ্জিত চন্দ্র রায়ের ভাই সঞ্জিত চন্দ্র রায় বাদী হয়ে ট্রাকচালক ও হেলপারের বিরুদ্ধে মামলা করেন।
সঞ্জিত নীলফামারী জেলার জলঢাকা থানার নিজপাড়া গ্রামের সুরেশ চন্দ্র রায়ের ছেলে। তিনিও (মামলার বাদী) ওই ইটভাটায় কাজ করতেন। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ জানান, ১৩ জন শ্রমিক নিহতের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে নিহতদের পরিবারের মধ্যে রঞ্জিত চন্দ্র রায়ের ভাই সঞ্জিত বাদী হয়ে দ:বি: ৩০৪ (ক) ধারায় ওই মামলাটি দায়ের করেন। তদন্তে ইটভাটা কর্তৃপক্ষের কোনও ধরনের গাফিলতি থাকলে তাদেরকে মামলার আওতায় আনা হবে।
তিনি আরও জানান, মামলায় ট্রাকচালক ও হেলপারের নাম-পরিচয় অজ্ঞাত থাকলেও পুলিশ তাদের নাম পরিচয় বের করে অবশ্যই গ্রেফতার করবে।
এদিকে পুলিশের ব্যবস্থাপনায় নিহতদের মরদেহ শনিবার (২৬ জানুয়ারি) ভোরে নীলফামারীতে পৌঁছানোর পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।