চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ৭১১ গ্রেপ্তার, কিশোর গ্যাংয়ের ৩৩৩ জন আটক
মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম
প্রকাশ: Sunday, 22 November, 2026, 5:49 PM
চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ৭১১ গ্রেপ্তার, কিশোর গ্যাংয়ের ৩৩৩ জন আটক
চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৭১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৩৩ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ১৬৭ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৬৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) পরিচালিত ২৪ ঘণ্টার অভিযানের এসব তথ্য রোববার (২২ নভেম্বর) জানিয়েছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ।
রেঞ্জ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কিশোর গ্যাংবিরোধী অভিযানে সবচেয়ে বেশি আটক হয়েছে কুমিল্লায়। জেলাটিতে ১৭৪ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৪৩, লক্ষ্মীপুরে ২৬, ব্রাহ্মণবাড়িয়ায় ১৮, কক্সবাজারে ১৬, খাগড়াছড়িতে ১৫, নোয়াখালীতে ১৪, রাঙামাটিতে ৯, চাঁদপুরে ৮, বান্দরবানে ৭ এবং ফেনীতে ৩ জনকে আটক করা হয়।
অন্যদিকে, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার হওয়া ৭১১ জনের মধ্যে নিয়মিত মামলায় ৬৯, পূর্ববর্তী মামলায় ১২৪, পুলিশ আইনের ৩৪ ধারায় ১৬ এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন রয়েছেন। এ ছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ১২ জন, পরোয়ানাভুক্ত ১০৩ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সন্দেহে গ্রেপ্তার ৯৯ জনের মধ্যে কুমিল্লায় ৪১, চট্টগ্রামে ১৮, নোয়াখালীতে ১০, খাগড়াছড়িতে ৯, চাঁদপুরে ৬, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে পাঁচজন করে, ফেনীতে তিন এবং কক্সবাজারে দুজন রয়েছেন।
অভিযানের অংশ হিসেবে মাদকবিরোধী কার্যক্রমও পরিচালনা করেছে পুলিশ। এ সময় মাদকসংক্রান্ত ২৩টি মামলা হয়েছে। মাদক সেবনের অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে আরও ২৭ জনকে গ্রেপ্তার করা হয়।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১ জনকে কারাদণ্ড এবং ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ৪ হাজার ৪৭২টি ইয়াবা, ৫০টি ট্যাপেন্ডাডল ট্যাবলেট, ১০ কেজি ১১০ গ্রাম গাঁজা, ৫৯ বোতল বিদেশি মদ এবং ১৪৩ লিটার ৫০০ মিলিলিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে রেঞ্জ পুলিশের এ অভিযান পরিচালিত হয়।