টাঙ্গাইলের ভূঞাপুরে কিশোর গ্যাং কর্তৃক সংঘটিত অপরাধ প্রতিরোধ কল্পে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ভূঞাপুর উপজেলা কিশোর গ্যাং প্রতিরোধ কমিটির উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় ইব্রাহীম খাঁ সরকারি কলেজ, ভূঞাপুর ফাজিল মাদ্রাসা, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও বিভিন্ন কিন্ডারগার্টেনের সহস্রাধিক শিক্ষক, ছাত্র-ছাত্রী অভিভাবকসহ সাধারণ মানুষ এ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূঞাপুর উপজেলা কিশোর গ্যাং প্রতিরোধ কমিটির সভাপতি গোলাম কিবরিয়া মুকুল, ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যাপক আনোয়ার হোসেন তালুকদার, ভূঞাপুর কিন্ডার এসোসিয়েশনের সভাপতি খায়রম্নজ্জামান ভূঁইয়া, বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীউদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান ছারোয়ার লাভলু প্রমুখ। পরে তারা কিশোর গ্যাং বন্ধে জেলা প্রশাসক বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি স্মারক লিপি প্রদান করেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ে স্কুল, মাদরাসা, কিন্ডারগার্টেনের ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ। কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রতিনিয়ত ইভটিজিং, চাঁদাবাজি, চুরি-ছিনতাই, মারামারিসহ নানা অপকর্ম করে আসছিল। বিশেষ করে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ে প্রতিনিয়ত ছাত্রদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়া ও ছাত্রীদেরকে ইভটিজিং করা এবং পুরম্নষ মানুষদের মোবাইল-মানিব্যাগ, মেয়েদের ভ্যানিটি ব্যাগ ছিনতাইসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা।