|
যশোরে মহাধূমধামে যৌতুক বিহীন ৫০ জোড়া বিয়ে
জুবায়ের হোসেন, যশোর
|
![]() যশোরে মহাধূমধামে যৌতুক বিহীন ৫০ জোড়া বিয়ে মহা ধুমধামে বিনা যৌতুকে বিয়ে হলো ৫০ জোড়া তরুণ-তরুণীর। যাদের কাছে এমন আয়োজন ছিল স্বপ্নের মতো, তাদের সেই স্বপ্ন পূরণ করল এ সংস্থাটি। শনিবার (১৮ মে) ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ কুয়েত ইসলামিক ইয়াতীম কমপ্লেক্সে এ আয়োজনের মধ্য দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন খুলনা বিভাগের এতিম ও অসচ্ছল পরিবারের ১০০ জন তরুণ-তরুণী। পাগড়ি আর লাল শাড়ি পরে অর্ধশত বর-কনে আসেন কুয়েত ইসলামিক ইয়াতীম কমপ্লেক্সে। কনেদের হাতে মেহেদী, লাল টুকটুক শাড়ি পরা। মাথায় বড় ঘোমটা।ইসলামিক শরিয়া অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। খাওয়া-দাওয়া থেকে শুরু করে জাঁকজমকপূর্ণ আয়োজনে ছিল পুরো অনুষ্ঠান জুড়ে। নিজের বিয়ের এমন অনুষ্ঠানের স্বপ্নও দেখেননি কনেরা। বরদের আনন্দও কম নয়। নতুন বউকে নিয়ে সুন্দর জীবনের স্বপ্ন দেখছেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর ও কনেদের পরিবারের সদস্যরা। বিনা খরচে ছেলে-মেয়েকে বিয়ে দিতে পেরে খুশি পরিবারের সদস্যরা। বিয়ের পাশাপাশি কর্মসংস্থানের জন্য নগদ টাকা, সেলাই মেশিন, ভ্যানগাড়ি, রান্নার চুলাসহ সংসার সাজানোর সরঞ্জামও দিয়েছে সংস্থাটি। আয়োজকরা জানান, যৌতুক প্রথাকে নিরুৎসাহিত করতে এ আয়োজন। ঝিকরগাছা গাজীর দরগাহ মাদ্রাসার সহকারী শিক্ষক কে এম মিকাইল হোসেন বলেন, ‘তুক বিহীন বিয়ে চালু করার উদ্দেশ্যে, যাতে যৌতুকের কারণে কোনো নারীকে সহিংসতার শিকার না হতে হয় সে জন্য আমরা এ উদ্যোগ নিয়ে থাকি।’ প্রতিবছর এমন গণবিয়ের আয়োজন করা হয় বলেও জানান আয়োজকরা।। ব্যতিক্রমী এই গণবিয়ের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কুয়েত ইসলামিক ইয়াতিম কমপ্লেক্স গাজীরদরগাহ ঝিকরগাছার পরিচালক মুফতি নাসিরুল্লাহ। উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, যৌতুক একটি সামাজিক ব্যাধি। সমাজ থেকে যৌতুক উচ্ছেদের সামাজিক আন্দোলনের সূচনা করতে হবে। যৌতুকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। ইসলামের প্রকৃত আদর্শিক শিক্ষার মাধ্যমে সমাজকে কলুষমুক্ত করতে হবে। যৌতুকমুক্ত সমাজ গঠনে নাগরিক সমাজের অংশগ্রহণ জোরদার করার আহ্বান জানান তিনি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
