ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে বিদায় শিক্ষক আবু শামার
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
প্রকাশ: Thursday, 25 June, 2026, 7:39 PM

দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের  ব্যতিক্রমী আয়োজনে বিদায় শিক্ষক আবু শামার

দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে বিদায় শিক্ষক আবু শামার

একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি একটি প্রজন্মকে গড়ে তোলেন। সেই প্রজন্মই যখন তাদের প্রিয় শিক্ষকের অবসরকে স্মরণীয় করে রাখতে একত্রিত হয়, তখন তা পরিণত হয় ভালোবাসা ও কৃতজ্ঞতার এক অনন্য উদাহরণে। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ে এমনই এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়েছে।

৩৬ বছরের দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে অবসরে যাওয়া শিক্ষক মো. আবু শামা-কে সম্মান জানাতে বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে বিদ্যালয়ের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেব প্রিয় বড়ুয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আবু শামা স্যার কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীর মাঝে শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার বীজ বপন করেছেন। তার শিক্ষা ও আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেক শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরিফুল ইসলাম জাহিদ বলেন,
একজন শিক্ষক কখনো অবসরে যান না। তিনি তার শিক্ষার্থীদের মাঝে, তাদের অর্জনের মাঝে এবং তাদের মূল্যবোধের মধ্যে বেঁচে থাকেন। আবু শামা স্যার আমাদের কাছে একজন শিক্ষকই নন, একজন অভিভাবক ও আদর্শ মানুষ।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক দেব প্রিয় বড়ুয়া বলেন,
আবু শামা স্যার বিদ্যালয়ের একটি অবিচ্ছেদ্য অংশ। তার নিষ্ঠা, সততা ও কর্মদক্ষতা ভবিষ্যৎ শিক্ষকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য। প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষককে ছাদখোলা গাড়িতে সম্মানের সঙ্গে বসিয়ে শোভাযাত্রার মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিদায় জানান। পরে মোটরসাইকেল বহর নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাকে তার বাসভবনে পৌঁছে দেন। পুরো আয়োজনজুড়ে ছিল শিক্ষার্থীদের আবেগ, ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ।

এ সময় আবেগাপ্লুত হয়ে শিক্ষকের ছেলে রানা তুহিন বলেন, আমার বাবা সারাজীবন শিক্ষার্থীদের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। আজ শিক্ষার্থীদের কাছ থেকে যে সম্মান ও ভালোবাসা তিনি পেয়েছেন, সেটিই তার কর্মজীবনের সবচেয়ে বড় অর্জন।

স্থানীয়দের মতে, একজন শিক্ষকের প্রতি প্রাক্তন শিক্ষার্থীদের এমন সম্মান ও ভালোবাসা বর্তমান সমাজে বিরল এবং অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status