|
‘আমার পে’র আড়ালে ভয়ংকর হুন্ডি কারবার, ৩০ লাখ ডলার হাতছাড়া বাংলাদেশের
নতুন সময় প্রতিবেদক
|
![]() ‘আমার পে’র আড়ালে ভয়ংকর হুন্ডি কারবার, ৩০ লাখ ডলার হাতছাড়া বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে উঠে এসেছে, সিঙ্গাপুরভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান ‘সিম পেয়ছা হোল্ডিংস প্রাইভেট লিমিটেড’ ‘আমার পে’কে ব্যবহার করে সংঘবদ্ধভাবে এসব কর্মকাণ্ড পরিচালনা করেছে। প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত রয়েছে ‘সিম পয়সা বিডি লিমিটেড’ ও ওটিটি সেবাদাতা ‘ট্যাপম্যাড বাংলাদেশ লিমিটেড’। বিদেশি মার্চেন্টদের পাওনা বৈধ পথে পরিশোধ না করে নিজেদের বিভিন্ন ব্যাংক হিসাবে অর্থ সরিয়ে নেওয়া হয়েছে। পরে সেই অর্থের একটি অংশ রেমিট্যান্স ও সরকারি প্রণোদনা হিসেবে বিতরণ দেখানো হয়েছে। অথচ সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা দেশে আসার কোনো প্রমাণ পায়নি পরিদর্শন দল। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের ১৫ জুলাই পর্যন্ত বিদেশি মার্চেন্টদের পাওনা পরিশোধ না করে ৫২ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬৪ টাকা বিভিন্ন হিসাবে স্থানান্তর করা হয়েছে। সিটি ব্যাংকের ট্রাস্ট অ্যান্ড সেটেলমেন্ট হিসাব থেকে প্রথমে ‘সিম পয়সা বিডি’র ব্যাংক এশিয়ার হিসাবে এবং পরে ‘আমার পে’র মেঘনা ব্যাংকের একটি গোপন অপারেশনাল হিসাবে অর্থ সরানো হয়। এভাবে গ্রাহক ও মার্চেন্টদের অর্থ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। রেমিট্যান্সের নামে হুন্ডি, প্রণোদনাতেও জালিয়াতি পরিদর্শন প্রতিবেদনের সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, বিদেশ থেকে আসা রেমিট্যান্সের বৈদেশিক মুদ্রা বাংলাদেশে না এনেই দেশে টাকা বিতরণ করা হয়েছে। ‘সিম পেয়ছা’ বিদেশে রেমিট্যান্স সংগ্রহ করে সেই অর্থ দিয়ে বিদেশি মার্চেন্টদের পাওনা পরিশোধ করত। অন্যদিকে বাংলাদেশে মেঘনা ব্যাংকের হিসাব ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির হিসাবে রেমিট্যান্সের টাকা পাঠানো হতো। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এক্সচেঞ্জ হাউজের ছদ্মবেশে প্রায় ৩৮ কোটি ৫৪ লাখ ৮৪ হাজার ৫১২ টাকা রেমিট্যান্স হিসেবে বিতরণ করা হয়েছে। একই সময়ে ৮৮ লাখ ৭৫ হাজার ১৩৮ টাকা সরকারি প্রণোদনা দেওয়ার নামে বিতরণ করা হয়। অথচ এসব অর্থের বিপরীতে প্রকৃত বৈদেশিক মুদ্রা দেশে আসেনি। বাংলাদেশ ব্যাংক এই কার্যক্রমকে সমান্তরাল ব্যাংকিংয়ের মাধ্যমে হুন্ডি, অবৈধ রেমিট্যান্স ও প্রণোদনা জালিয়াতি হিসেবে চিহ্নিত করেছে। অর্থাৎ বৈধ ব্যাংকিং চ্যানেল এড়িয়ে বিদেশে অর্থ সংগ্রহ ও দেশে টাকা বিতরণের মাধ্যমে একদিকে বৈদেশিক মুদ্রা দেশে আসার পথ বন্ধ করা হয়েছে, অন্যদিকে সরকারি প্রণোদনার অর্থও অনিয়মের মাধ্যমে বিতরণের অভিযোগ উঠেছে। নয়টি হিসাবেও অনিয়ম, ১২৯ দিন দায়ের চেয়ে কম টাকা বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে ‘আমার পে’র নয়টি ট্রাস্ট অ্যান্ড সেটেলমেন্ট হিসাবের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হিসাব খোলার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমোদন নেওয়া হয়নি। আরও গুরুতর বিষয় হলো, মার্চেন্টদের কাছে প্রতিষ্ঠানের আর্থিক দায়ের তুলনায় এসব হিসাবে পর্যাপ্ত অর্থ ছিল না। প্রতিবেদনে বলা হয়েছে, সক্রিয় মার্চেন্টদের কাছে ‘আমার পে’র দায় ২ কোটি ৭০ লাখ ৪ হাজার ৫১৫ টাকা এবং নিষ্ক্রিয় মার্চেন্টদের কাছে ৯১ লাখ ৮৩ হাজার ২৫৪ টাকা। অথচ ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ১২৯ দিন ট্রাস্ট অ্যান্ড সেটেলমেন্ট হিসাবের স্থিতির চেয়ে মার্চেন্টদের দায় বেশি ছিল। বাংলাদেশ ব্যাংকে দেওয়া তথ্যের সঙ্গে প্রতিষ্ঠানটির নিজস্ব প্রযুক্তি ব্যবস্থার তথ্যেও বড় ধরনের অসংগতি পাওয়া গেছে। এসব ঘটনাকে ট্রাস্ট ফান্ড ব্যবস্থাপনাসংক্রান্ত নির্দেশনার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে পরিদর্শন দল। প্রতিবেদনে ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ৩৭ (৩) ধারায় এ ধরনের কর্মকাণ্ডকে দণ্ডনীয় অপরাধ বলেও উল্লেখ করা হয়েছে। এক ব্যক্তির একাধিক প্রতিষ্ঠানে স্বার্থের সংঘাত পরিদর্শন প্রতিবেদনে প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কাঠামো নিয়েও গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। সানজানা ফরিদ একই সঙ্গে ‘আমার পে’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), ‘সিম পেয়ছা’র মনোনীত পরিচালক এবং ‘সিম পয়সা বিডি’র কান্ট্রি ডিরেক্টর। অন্যদিকে ফারুক মোহাম্মদ কায়সার ‘সিম পেয়ছা’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ‘আমার পে’র ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক সারওয়ার এসব কর্মকাণ্ড সম্পর্কে জানতেন, কিন্তু কার্যকর কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ‘আমার পে’র এমডি ও সিইও পদে পৃথক ব্যক্তির দায়িত্ব পালন এবং একই ব্যক্তির একাধিক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে দায়িত্ব থাকার বিষয়টিকে স্বার্থের সংঘাত হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিবেদনে ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ৭ (৩) ধারার লঙ্ঘনের কথাও বলা হয়েছে। ভুয়া ঋণচুক্তিতে কোটি টাকা সরানোর কৌশল অর্থ স্থানান্তরের আরেকটি কৌশল হিসেবে ব্যবহার করা হয়েছে ঋণচুক্তি। প্রতিবেদনে বলা হয়েছে, ‘সিম পয়সা বিডি’ ও ‘ট্যাপম্যাড’-এর মধ্যে ১ কোটি ৮৩ লাখ ৯৮ হাজার ৯১৯ টাকার লেনদেন হয়েছে। ‘সিম পয়সা বিডি’ আবার ‘আমার পে’র নিবন্ধিত মার্চেন্ট। পরিদর্শন দলের পর্যবেক্ষণ অনুযায়ী, ঋণচুক্তির আড়ালে ‘সিম পয়সা বিডি’র হিসাবে অর্থ এনে তা ‘আমার পে’র মেঘনা ব্যাংকের হিসাবে স্থানান্তর করা হতো। পরে সেই অর্থ হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স ও প্রণোদনা হিসেবে বিতরণ করা হতো। প্রতিবেদনে এই চুক্তির প্রকৃত উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এ ছাড়া গ্রাহকের পরিচয় যাচাই বা কেওয়াইসি ছাড়াই মার্চেন্ট নিবন্ধন, সন্দেহজনক লেনদেন এবং প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের ব্যবসায়িক নেটওয়ার্ক ‘সিম পেয়ছা’র প্রধান নির্বাহী ইয়াসির পাশা পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তিনি যুক্তরাজ্যে নিবন্ধিত ‘কমার্স প্লেক্স লিমিটেড’-এর মালিক। উত্তর আমেরিকায় ব্যবসা সম্প্রসারণের জন্য তিনি ‘সিম পেয়ছা সিএ’ প্রতিষ্ঠা করেন। পরে কানাডায় ‘কমার্স প্লেক্স’কে বৈদেশিক অর্থ স্থানান্তরকারী প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন করে রেমিট্যান্স ব্যবসা শুরু করেন। তবে অর্থ পাচারের অভিযোগে ২০২৬ সালের মার্চে কানাডার আর্থিক গোয়েন্দা ইউনিট প্রতিষ্ঠানটির নিবন্ধন স্থগিত করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালে বাংলাদেশে ‘সিম পয়সা বিডি লিমিটেড’ ও ‘ট্যাপম্যাড বাংলাদেশ লিমিটেড’ নামে আরও দুটি প্রতিষ্ঠান গড়ে তোলেন ইয়াসির পাশা। প্রতিষ্ঠান দুটির কার্যক্রম পরিচালনায় যুক্ত রয়েছেন সানজানা ফরিদ। লাইসেন্স বাতিলের সুপারিশ, মেঘনা ব্যাংককেও চিঠি পরিদর্শন প্রতিবেদনে পাঁচটি সুপারিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের দল। এর মধ্যে ‘কমার্স প্লেক্স’, ‘ট্যাপম্যাড’ ও ‘সিম পয়সা বিডি’র সব ধরনের লেনদেন এবং সেটেলমেন্ট সেবা অবিলম্বে স্থগিত করার সুপারিশ রয়েছে। এসব প্রতিষ্ঠানকে ব্যবহার করে ‘আমার পে’র মাধ্যমে অর্থ পাচারের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ‘আমার পে’র সিইও সানজানা ফরিদ ও এমডি ইশতিয়াক সারওয়ারকে অপসারণ এবং প্রতিষ্ঠানটির লাইসেন্স স্থগিত বা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। পরিদর্শনে উঠে আসা অনিয়মের বিষয়ে প্রমাণসহ ব্যাখ্যা ও প্রয়োজনীয় পদক্ষেপ জানাতে ‘আমার পে’কে ২৯ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, সিঙ্গাপুরে নিবন্ধিত পাকিস্তানভিত্তিক প্রতিষ্ঠান সিম পেয়ছা তাদের যুক্তরাজ্যের নিবন্ধিত প্রতিষ্ঠান কমার্স প্লেক্স ইউকে এবং বাংলাদেশে সিম পয়সা বিডি ও আমার পে’র মাধ্যমে হুন্ডি ব্যবসা পরিচালনা করত। এর সঙ্গে ওটিটি প্রতিষ্ঠান ট্যাপম্যাডও জড়িত। পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্টের পরিদর্শনে বিষয়টি ধরা পড়েছে। তিনি আরও বলেন, আমার পে’র সিইও সানজানা ফরিদ ও এমডি ইশতিয়াক সারওয়ারকে অপসারণ এবং প্রতিষ্ঠানটির লাইসেন্স স্থগিত বা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে পেমেন্ট সিস্টেমস বিভাগ-১ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি মেঘনা ব্যাংকের হিসাব ব্যবহার করে রেমিট্যান্সের আড়ালে হুন্ডি কার্যক্রম পরিচালনার অভিযোগে ব্যাংকটিকেও কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। এদিকে এসব অভিযোগের বিষয়ে ‘আমার পে’র সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সূত্র: এশিয়া পোস্ট
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
