ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
২৮ জুন দোহারের ২১৭ কেন্দ্রে একযোগে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
শহীদুল ইসলাম শরীফ
প্রকাশ: Thursday, 25 June, 2026, 7:32 PM

২৮ জুন দোহারের ২১৭ কেন্দ্রে একযোগে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

২৮ জুন দোহারের ২১৭ কেন্দ্রে একযোগে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা জেলার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভায় জানানো হয়, আগামী ২৮ জুন, ২০২৬, রবিবার দোহার উপজেলার ২১৭টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। কর্মসূচির আওতায়, ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস (৫ বছর) বয়সি শিশুদের একটি লাল রঙের উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলামের উপস্থাপনায় সভায় ক্যাম্পেইনের সার্বিক কর্মপদ্ধতি ও লক্ষ্যমাত্রা তুলে ধরা হয়। তিনি জানান, উপজেলার প্রতিটি কেন্দ্রে দক্ষ স্বাস্থ্যকর্মী ও ডেডিকেটেড স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলাম বলেন, “শিশুরা দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের সুস্থ ও স্বাভাবিক শারীরিক-মানসিক বিকাশ নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।” এ সময় তিনি, আগামী ২৮ জুন সব অভিভাবককে তাদের শিশুকে নিকটস্থ নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করার অনুরোধ করেন। তা ছাড়া সংশ্লিষ্ট সব সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যম/সংবাদপত্র কর্মী ও স্বেচ্ছাসেবীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে এই জাতীয় ক্যাম্পেইন শতভাগ সফল করার আহ্বান জানান তিনি।

সভায় বক্তারা উল্লেখ করেন, ভিটামিন ‘এ’ শুধু শিশুদের দৃষ্টিশক্তিই রক্ষা করে না, বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোনো শিশু যেন এই জীবনরক্ষাকারী সেবা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, উপজেলা পরিকল্পনা কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার এবং দোহার থানার সেকেন্ড অফিসার জীবন চন্দ্র। এছাড়াও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status