নোয়াখালীতে সেপটিক ট্যাংক থেকে ৩৫ বছর বয়সী এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
রোববার দুপুর ২টার দিকে সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের উত্তর চাকলা গ্রামের খোনার মসজিদ সংলগ্ন চুটকি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
কালাদরাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত উল্যাহ সেলিম জানান, চুটকি বাড়ি থেকে পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে একটি টয়লেটের সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
সুধারাম থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। কয়েক দিন আগে কেউ তাকে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।