ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
আবারো ধাক্কা খেল পিএসজি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 December, 2021, 3:06 PM

আবারো ধাক্কা খেল পিএসজি

আবারো ধাক্কা খেল পিএসজি

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে আরো একবার হতাশা নিয়ে মাঠ ছাড়ল বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ১-১ গোলে ড্র করেছে লা পারিসিয়ানরা। এর আগে সর্বশেষ লিগ ম্যাচে ঘরের মাঠে নিসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল তারা।

বর্তমান মৌসুমে লিগ ওয়ানে এই প্রথম টানা দুই ম্যাচে জয়হীন রইল পিএসজি। অবশ্য এখনো তাদের দখলেই রয়েছে শীর্ষস্থান।

চোটের কারণে এ ম্যাচে আগে থেকেই ছিলেন না নেইমার। কিলিয়ান এমবাপ্পেকে বেঞ্চে রেখে তিন আর্জেন্টাইন লিওনেল মেসি, মাউরো ইকার্দি ও অ্যাঞ্জেল ডি মারিয়াকে নিয়ে আক্রমণভাগ সাজান তাদের স্বদেশি কোচ পচেত্তিনো।

অষ্টম মিনিটে প্রথম ভালো সুযোগটা পায় লেঁস। তবে ডি-বক্সের ভেতর থেকে উড়িয়ে মেরে হতাশ করেন ফরাসি ডিফেন্ডার জোনাথন। ষোড়শ মিনিটে ডি-বক্সে ঢুকে ডি মারিয়ার উদ্দেশে ক্রস বাড়ান মেসি। হেডে ক্লিয়ার করেন প্রতিপক্ষের ডিফেন্ডার।

২৪ থেকে ৩০ মিনিটের মধ্যে অন্তত তিনটি সেভ করে জাল অক্ষত রাখেন পিএসজি গোলরক্ষক কেইলর নাভাস। এর মধ্যে জোনাথনের ফ্রি-কিক ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান তিনি।

বিরতির আগে দুটি ভালো সুযোগ পায় সফরকারীরা। মেসির ক্রসে কাছ থেকে ভলি লক্ষ্যে রাখতে পারেননি ইকার্দি। আশরাফ হাকিমির ক্রসে দূরের পোস্টে ডি মারিয়ার প্রচেষ্টা পা দিয়ে ঠেকান স্বাগতিক গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে পরিষ্কার সুযোগ তৈরি করতে ভুগছিল পিএসজি। ৬২তম মিনিটে গোল হজম করে তারা। যেখানে যথেষ্ট দায় আছে নাভাসের। ডি-বক্সের বাইরে থেকে সিকো ফোফানার শট ঠেকানোর মতোই ছিল। কিন্তু নাভাসের হাত ফসকে বল জালে জড়ায়।

আক্রমণের শুরুতে প্রতিপক্ষ খেলোয়াড়ের চ্যালেঞ্জে মেসি পড়ে গিয়েছিলেন। অসন্তুষ্ট দেখা যায় তাকে। গোলের প্রতিবাদ জানিয়ে হলুদ কার্ড দেখেন মার্কো ভেরাত্তি। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ হতে পারত। পেরেইরা কস্তার প্রচেষ্টা নাভাসকে ফাঁকি দিলেও বল পোস্টে লাগে।

৭০তম মিনিটে ইকার্দিকে তুলে এমবাপ্পেকে ও লিয়ান্দ্রো পারেদেসের জায়গায় জর্জিনিয়ো উইজনালডুমকে নামান পিএসজি কোচ। এই দুজনের নৈপুণ্যেই যোগ করা সময়ে সমতা টানে পিএসজি। ফরাসি ফরোয়ার্ডের ক্রসে কাছ থেকে হেডে গোলটি করেন ডাচ মিডফিল্ডার উইজনালডুম।

শেষ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়ের হাতে বল লাগলে ডি-বক্সের মাথায় ফ্রি-কিক পায় পিএসজি। তবে উড়িয়ে মারেন মেসি।

১৭ ম্যাচে ১৩ জয় ও তিন ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই। তাদের সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে তিনে আছে রেনে। সমান ২৭ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আছে নিস ও লেঁস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status