ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
বাবার মৃত্যুর শোক নিয়ে ডাগআউটে দাঁড়িয়ে শিরোপা জয়, ফ্লিক বললেন, এই মুহূর্তটি কখনো ভুলব না
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 11 May, 2026, 11:23 AM

বাবার মৃত্যুর শোক নিয়ে ডাগআউটে দাঁড়িয়ে শিরোপা জয়, ফ্লিক বললেন, এই মুহূর্তটি কখনো ভুলব না

বাবার মৃত্যুর শোক নিয়ে ডাগআউটে দাঁড়িয়ে শিরোপা জয়, ফ্লিক বললেন, এই মুহূর্তটি কখনো ভুলব না

ক্যাম্প ন্যুতে গতকাল রাতে জাদুকরি এক রাত পার করেছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েই টানা দ্বিতীয় লা লিগা শিরোপা নিশ্চিত করেছে বার্সা। ঘরের মাঠে এই জয়ের পর উৎসবের আমেজে ভাসছে কাতালানরা। তবে দিনটি বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের জন্য ছিল একই সঙ্গে আনন্দ ও বেদনার।

গতকাল এল ক্লাসিকো শুরুর আগে ফ্লিকের বাবার মৃত্যুর খবর আসে। ব্যক্তিগত শোকের সময়ও পেশাদারত্বকে অগ্রাধিকার দিয়ে এল ক্লাসিকোতে ডাগআউটে থাকার সিদ্ধান্ত নেন জার্মান এই কোচ।

ম্যাচ শেষে তিনি জানান, আনন্দ-বেদনার মিশ্র এই অনুভূতি তিনি কখনো ভুলবেন না। এ সময় দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে ফ্লিক বলেন, খেলোয়াড়েরা নিজেদের উজাড় করে দিয়েছেন।

বাবার মৃত্যুর শোকের মধ্যেই নিশ্চিত হয়েছে লিগ শিরোপা, এ অনুভূতি কেমন, তা জানাতে গিয়ে ফ্লিক বলেছেন, ‘আজ সকালে আমার মা আমাকে ফোন করে জানান যে বাবা মারা গেছেন। তখন আমি ভাবছিলাম, আমি কি এটা গোপন রাখব, নাকি দলের সঙ্গে শেয়ার করব? আমার কাছে এটা একটা পরিবারের মতো, তাই আমি সিদ্ধান্ত নিই, খেলোয়াড়দের জানাব। আমি এই মুহূর্তটি কখনো ভুলব না। দিনটা আমার জন্য কঠিন ছিল।’

ন্যু ক্যাম্পের ক্লাসিকোয় রিয়ালকে হারিয়ে শিরোপা জেতায় বার্সার আনন্দটা যে একটু বেশি, সেটি জানা কথাই। ফ্লিকও বললেন তেমনটাই, ‘সমর্থকদের সামনে ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারানো সত্যিই দারুণ অনুভূতি। এটা খুবই চমৎকার। বোঝাই যাচ্ছে, জেতাটা সহজ ছিল না। সবাই ভেবেছিল আমরা হয়তো জিততে পারব, কিন্তু রিয়াল মাদ্রিদও দুর্দান্ত দল। তবু আমরা ভালো খেলেছি, ভালোভাবে রক্ষণ সামলেছি।’

মৌসুমজুড়ে একের পর এক চোটের কারণে বার্সার লিগ জয়ের অভিযান মোটেই সহজ ছিল না। তবু হাল না ছেড়ে লড়াই করে গেছে ফ্লিকের দল। ২৯তম লিগ শিরোপা নিশ্চিত করার পর সেই লড়াইয়ের কথাই স্মরণ করলেন ফ্লিক, ‘চোট-আঘাত আমাদের জন্য কাজটা সহজ করেনি, তারপরও আমরা দারুণভাবে খেলেছি। লিগের এই শেষ পর্বে আমরা খুব ভালো পারফরম্যান্স করেছি। রক্ষণভাগে আমরা কিছু ভালো কাজ করেছি। কুবারসি, জেরার্ড মার্টিন, এরিক—সবাই অসাধারণ খেলেছে।’

লিগে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখলেও চ্যাম্পিয়নস লিগে এখনো ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না বার্সা। ২০১৫ সালে সর্বশেষ চ্যাম্পিযনস লিগ জেতা দলটির জন্য আগামী মৌসুমে ইউরোপ–শ্রেষ্ঠত্বের ট্রফিকেই পাখির চোখ করেছেন টানা দুই লিগজয়ী এই কোচ, ‘এখন আমাদের লক্ষ্য ১০০ পয়েন্টে পৌঁছানো। অবশ্যই, খেলোয়াড়েরা এখন উদ্‌যাপনের সম্পূর্ণ যোগ্য। আর আগামী মৌসুমে আমরা চ্যাম্পিয়নস লিগ জয়ের চেষ্টা করব।’

টানা দ্বিতীয় লা লিগা শিরোপা জেতার মধ্য দিয়ে শীর্ষ স্তরের লিগে নিজের শতভাগ সাফল্যের ধারাও অব্যাহত রাখলেন ফ্লিক। এখন পর্যন্ত চারটি মৌসুমে দুটি দলকে প্রতিনিধিত্ব করে চারবারই শিরোপা জিতেছেন তিনি। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে ২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুমে শিরোপা জেতেন ফ্লিক। আর বার্সার হয়ে জিতলেন ২০২৪-২৫ ও ২০২৫-২৬ মৌসুমে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status