ঈশ্বরদীতে মাদক সেবনে বাধা দেয়ায় যুবককে পিটিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 October, 2021, 4:20 PM
ঈশ্বরদীতে মাদক সেবনে বাধা দেয়ায় যুবককে পিটিয়ে হত্যা
মাদক সেবনে বাধা দেয়ায় পাবনার ঈশ্বরদীতে বিপ্লব ফকির (২৪) নামে এক যুবককে সারারাত বেঁধে রেখে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকাল ১১টায় চিকিৎসাধীন অবস্থায় বিপ্লব মারা যায়।
নিহত বিপ্লব উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর জিগাতলা গ্রামের পান্না ফকিরের ছেলে।
মাদক সেবনে বাধা দেয়ার কারণেই হত্যার ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম।
তিনি বলেন, নিহত বিপ্লবের সাথে কিছুদিন আগে প্রতিবেশী পলাশ ফকিরের ছেলে মাদকসেবী শান্তর (২৩) কথা কাটাকাটি হয়। সে সময় শান্তকে চড়-থাপ্পড় মারেন নিহত বিপ্লবের চাচা রতন। সে সময়ই বিপ্লব ও রতনকে খুনের হুমকি দেয় শান্ত।
ফাঁড়ি ইনচার্জ আরো জানান, শুক্রবার রাত ৯টায় শান্ত কৌশলে মোবাইল ফোনে বিপ্লবকে ডেকে নেয়। এরপর চররূপপুর জিগাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে তাকে মুখ বেঁধে রেখে সারারাত ব্যাপক নির্যাতন চালায়। রাতে অনেক খোঁজাখুঁজি করেও বিপ্লবের পরিবার তাকে খুঁজে পায়নি। পরদিন সকালে প্রতিবেশী জ্যোৎস্না নামে এক নারীকে শান্ত নিজেই বলে বিপ্লব স্কুলের ছাদে আছে।
নিহত বিপ্লবের বাবা পান্না ফকির বলেন, প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে সকাল ৮টায় স্কুলের ছাদ থেকে বিপ্লবকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে সকাল ১১টায় চিকিৎসাধীন অবস্থায় সেখানেই সে মারা যায়।
তিনি জানান, বিপ্লবের সারা শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শান্তর বড় ভাই তহিদুলকে (২৭) পুলিশ গ্রেফতার করেছে। অভিযুক্ত শান্ত ও পার্শ্ববর্তী আব্দুল গাফফারের ছেলে আলামিন ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।
নিহত বিপ্লব পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তার এক বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, খবর পেয়ে নিহত বিপ্লবের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের পাবনা মর্গে পাঠানো হবে। খুনের পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।