ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরকীয়ার অভিযোগে এক নারীর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার বিকেলে মেরাজুল, তার স্ত্রী তানজিনা আক্তার, তানজিনার বড় বোন রাশিদা বেগম ও মেরাজুলের ভাবি ফেরদৌসাকে আটক করা হয়েছে। তবে আত্মগোপনে রয়েছেন ভুক্তভোগী নারী। তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
জানা গেছে, ৪৫ বছর বয়সী ওই নারীর বাড়ি বরিশালে। তবে তার বিয়ে হয় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামে। স্বামী মারা যাওয়ায় পর তিনি এখানেই থাকতেন। এর মধ্যে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের জাহের মিয়ার ছেলে মেরাজুলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন তিনি।
বিষয়টি জেনে যান মেরাজুলের স্ত্রী তানজিনা আক্তার। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এরই জেরে ২২ জুলাই ওই নারীকে মোবাইল ফোনে বাবার বাড়িতে ডেকে নেন তানজিনা। এরপর সেখানে তানজিনা ও তার বোন রাশিদাসহ আরো কয়েকজন মিলে ওই নারীকে মারধর করেন। এছাড়া ব্লেড দিয়ে মাথা ন্যাড়া করে দেন। এ সময় দৃশ্যটি মুঠোফোনে ভিডিও করে রাখেন তারা। বৃহস্পতিবার ফেসবুকে সেই ভিডিও ছেড়ে দেওয়া হয়।
এএসপি (সরাইল সার্কেল) মো. আনিসুর রহমান বলেন, ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে আমরা মেরাজুল, তানজিনা, রাশিদা ও ফেরদৌসাকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার পর থেকে ভুক্তভোগী নারী আত্মগোপনে চলে গেছেন। তাকে উদ্ধারে চেষ্টা চলছে।