উদ্ধার করা ইয়াবা আত্মসাৎ এবং আটক মাদক পাচারকারীকে ছেড়ে দেয়ার অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার এক উপপরিদর্শক (এসআই) এবং এক কনস্টেবলকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
অভিযুক্ত দুই পুলিশ সদস্যের নামই সাইফুল ইসলাম বলে জানা গেছে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জড়িত পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। অপরাধের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
সূত্র জানায়, সম্প্রতি সীতাকুণ্ড পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছিলেন এসআই সাইফুল। পরে ইয়াবা রেখে ওই পাচারকারীকে ছেড়ে দেন তিনি। সেই সাথে উদ্ধার করা ইয়াবাও থানায় জমা দেননি।
বিষয়টি পুলিশ বিভাগে জানাজানি হলে বৃহস্পতিবার এসআই সাইফুল এবং কনস্টেবল সাইফুলকে জেলা পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়।
এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে এক লাখ ৪৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা পুলিশের একটি দল। এ সময় তিন মাদক পাচারকারীকে আটক এবং দুটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।
নগরীর হালিশহর জেলা পুলিশ লাইনস কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার এ তথ্য জানান জেলা পুলিশ সুপার এসএম রাশিদুল হক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে মোটরসাইকেলে করে ইয়াবা পাচার করছে একটি চক্র। এ তথ্যের ভিত্তিতে পটিয়া ও আনোয়ারা থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় আনোয়ারার কালাবিবির দিঘীর মোড় এলাকায় বাঁশখালী-চট্টগ্রাম সড়কে তল্লাশি চৌকি বসিয়ে সন্দেহজনক দুটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে সংশ্লিষ্টরা মোটরসাইকেল রেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে তাৎক্ষণিকভাবে ধাওয়া করে তাদের আটকের পর সাথে থাকা দুটি ব্যাকপ্যাকে মোট এক লাখ ৪৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
পুলিশ সুপার রাশিদুল হক বলেন, তিন যুবকের মধ্যে মাহমুদুল হক স্নাতক ও জাহেদ হোসাইন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী এবং মো. ইব্রাহিম কৃষক। তারা বহনকারী হিসেবে ইয়াবার চালান চট্টগ্রাম নিয়ে আসছিলেন। চট্টগ্রামে এ চালান পৌঁছে দিলে তারা তিন লাখ টাকা পেতেন বলে আমাদের জানিয়েছেন। তাদের কার কাছে এসব চালান পৌঁছানোর কথা ছিল তা খুঁজে বের করা হবে।